চেলসির নতুন পথচলা...
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত রাজনীতিক দম্পতির একমাত্র সন্তান চেলসি ক্লিনটন একটি টেলিভিশন চ্যানেলের চাকরিতে যোগ দিতে যাচ্ছেন। এনবিসি চ্যানেলে আজ সোমবার যোগ দেবেন চেলসি।চেলসি এনবিসির ‘রক সেন্টার উইথ ব্রায়ান উইলিয়ামস’ শীর্ষক অনুষ্ঠান ও রাতের সংবাদে বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। একসময় ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলতে পছন্দ করতেন ৩১ বছর বয়সী চেলসি। মা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং বাবা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতি সবার তীব্র কৌতূহল সত্ত্বেও প্রচারের আলো থেকে নিজেকে তিনি যথাসম্ভব দূরে রাখতেন। এমনকি ২০১০ সালে মার্ক মেজভিনস্কির সঙ্গে বিয়ের সময়ও সংবাদমাধ্যমকে এড়িয়ে গেছেন চেলসি।টেলিভিশন অনুষ্ঠানে স্পর্শকাতর বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকবেন চেলসি। এনবিসির এক বিবৃতিতে বলা হয়, ‘রক সেন্টার’ নামের অনুষ্ঠানে চেলসি একটি ভিন্ন ধারার বিষয় নিয়ে কাজ করবেন। এ ধারাবাহিকের প্রথম পর্বটি তৈরি করা হয়েছে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব অ্যানেট ডাভকে নিয়ে। অবহেলিত ও অতি দরিদ্র শিশুদের জন্য আরকানসাস অঙ্গরাজ্যে দাতব্য সেবামূলক কাজ করেন অ্যানেট। চেলসি বলেন, ‘এনবিসিতে আমার কাজে আমি এমন কিছু মানুষকে তুলে ধরার ব্যাপারে আশাবাদী, যাঁরা নিজেদের সম্প্রদায় ও আমাদের এই পৃথিবীর জন্য ইতিবাচক পরিবর্তনমূলক কাজে অবদান রেখে চলেছেন।’এএফপি।