চেলসির বিয়েতে দাওয়াত পাননি বারাক ওবামা
এত দিন খবর ছিল তিনিই হবেন প্রধান অতিথি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই বলেছেন, তিনি ক্লিনটন দম্পতির মেয়ে চেলসির বিয়েতে যাচ্ছেন না। কারণ, তাঁকে দাওয়াতই দেওয়া হয়নি। শুধু তিনি নন, সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরও এই বিয়েতে যাচ্ছেন না।এবিসি টেলিভিশন চ্যানেলের বিশেষ অনুষ্ঠান দ্য ভিউতে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের মেয়ের বিয়েতে তাঁকে দাওয়াত দেওয়া হয়নি।যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যমেও ফলাও করে এ ব্যাপারে খবর বেরিয়েছে। ফক্স নিউজ প্রেসিডেন্ট ওবামার বরাত দিয়ে বলেছে, ‘আমি দাওয়াত পাইনি। আমার মনে হয়, দাওয়াত দেওয়ার বিষয়টি হিলারি ও বিল তাঁদের মেয়ে চেলসি ও হবু জামাতা মার্ক ভেজভিনস্কির ওপর ছেড়ে দিয়েছেন।’চেলসির বিয়েতে দাওয়াত না পেয়ে ওবামা রসিকতা করে বলেছেন, ‘আপনি নিশ্চয়ই চাইবেন না, এক বিয়েতে দুজন প্রেসিডেন্ট হাজির হোন। এতে করে ঝামেলার অন্ত থাকবে না। অতিথিদের অযথা তল্লাশি (বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র দিয়ে) করা হোক, তাঁদের আনা উপহারসামগ্রী তন্ন তন্ন করে পরীক্ষা করা হোক—এটা কেউই চায় না।’ নিউইয়র্ক ডেইলি নিউজ ডেমোক্র্যাটদলীয় সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের চেলসির বিয়েতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পত্রিকাটি। কাল শনিবার নিউইয়র্কের রাইবেক গ্রামে ক্লিনটন দম্পতির একমাত্র মেয়ে চেলসির বিয়ে হবে। ‘রাজকীয়’ এ বিয়েকে সামনে রেখে ইতিমধ্যে নতুন সাজে সেজেছে রাইবেক। বিয়ের অনুষ্ঠান ও অতিথিদের নিরাপত্তায় ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) বিয়ের অনুষ্ঠানের সময় রাইবেকের আকাশে বিমান বা হেলিকপ্টার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাল শনিবার স্থানীয় সময় বেলা তিনটা থেকে রোববার রাত সাড়ে তিনটা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।সম্পূর্ণ পারিবারিকভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে এ বিয়েতে কোনো সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হবে না। এ কড়াকড়ির কারণে সংবাদকর্মীরা বিমান বা হেলিকপ্টারে করে বিয়ের অনুষ্ঠানের ছবি তুলতে পারেন। এই আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলোর অনুরোধে রাইবেকের আকাশে দুই হাজার ফুটের নিচে বিমান বা হেলিকপ্টার চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইকোনোমিক টাইমস।