চোরাইপথে চলে যাচ্ছে চারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাচারকারীদের কাছে জেনটিয়ানা জাতের এই ফুলের চাহিদা অনেক বেশি l ছবি: বিবিসির সৌজন্যে
পাচারকারীদের কাছে জেনটিয়ানা জাতের এই ফুলের চাহিদা অনেক বেশি l ছবি: বিবিসির সৌজন্যে

হিমালয় পর্বতসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা দুর্লভ প্রজাতির গাছের বীজ ও চারা পাচার হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের বাজারে। হিমালয় পর্বতসংলগ্ন এলাকার বিভিন্ন কর্তৃপক্ষ বলেছে, এসব বীজ ও চারা সংগ্রহ এবং রপ্তানির কোনো অনুমতি নেওয়া হয়নি।
অভিযোগ উঠেছে, এভাবে নির্বিচারে চারা সংগ্রহ করার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। আবার এসব বীজ ও চারা রপ্তানির বাণিজ্যিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে এলাকার স্থানীয় মানুষ। বিবিসির অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে।
যুক্তরাজ্যের বাজারে যেসব প্রতিষ্ঠান হিমালয় অঞ্চলের বীজ সরবরাহ করে তাদের দাবি, স্থানীয় মানুষই এসব সংগ্রহে তাদের সহায়তা করে। কেউ কেউ বলেছে, তারা জানেই না যে এটি অবৈধ।
যুক্তরাজ্যের উদ্যান বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বীজের অবৈধ বিকিকিনি নিয়ে দীর্ঘ সময় ধরে দেশজুড়ে আলোচনা আছে।
যুক্তরাজ্যের রয়েল হর্টিকালচার সোসাইটির অন্তর্ভুক্ত একটি উদ্যান-সংগঠন দ্য রোডোডেনড্রন, ক্যামেলিয়া অ্যান্ড ম্যাগনোলিয়া গ্রুপ (আরসিএমজি) স্বীকার করেছে, তারা যেসব সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বীজ সংগ্রহ করে সেগুলোর একটিরও কোনো অনুমতি নেই।
আরসিএমজির চেয়ারম্যান ডেভিড মিলায়িস ভারতের সিকিমের রাজ্য সরকারকে দেওয়া এক চিঠিতে লিখেছেন, ‘টিমোথি অ্যাটকিনসন (তাঁদের জন্য বীজ সংগ্রহকারী) আমাদের সরাসরি জানিয়েছেন, ২০১২-১৩ সালে যখন তিনি সিকিম থেকে বীজ সংগ্রহ করেন, তখন তাঁর কোনো অনুমতি ছিল না। এটি অত্যন্ত নিন্দনীয়। তবে টিমোথি এও বলেন যে তিনি অজ্ঞতা থেকেই এই কাজ করেছিলেন। এর ফলে যে স্থানীয় আইন ভঙ্গ করা হয়েছে, সে ব্যাপারে তিনি জানতেন না।’
আরসিএমজির বীজ সংগ্রহকারীর ২৫০ জনের তালিকায় অ্যাটকিনসনের নাম আছে। তিনি হিমালয়সংলগ্ন সিকিম এবং পশ্চিমবঙ্গ থেকে বীজ সংগ্রহ করতেন। কিছু কিছু গাছের চারা তিনি সংগ্রহ করেছেন বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল থেকে।