চোখের জলে বিপ্লবীকে বিদায়
জনপ্রিয় বামপন্থী নেতা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজকে গতকাল শুক্রবার শেষবিদায় জানানো হয়েছে। দেশের লাখো শোকার্ত মানুষের উপস্থিতিতে তাঁর এই শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন বিশ্বনেতারাও। দেশটির কর্মকর্তারা জানান, লাতিন আমেরিকার এই বিপ্লবীর শেষকৃত্যানুষ্ঠান শুরু হয় ভেনেজুয়েলার স্থানীয় সময় গতকাল বেলা ১১টায় (গ্রিনিচমান সময় ১৫.৩০টা)। শেষকৃত্যানুষ্ঠানে অন্তত ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেন। এঁদের মধ্যে কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর ভাই ও দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, বেলারুশের লৌহমানব আলেকজান্দার লুকাশেনকোর মতো নেতাও রয়েছেন।সরকারের তরফ থেকে বলা হয়েছে, ভেনেজুয়েলার সামরিক একাডেমির সম্মেলন কক্ষে কাচের অর্ধখোলা একটি শবাধারে শায়িত চাভেজকে গত বুধবার থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও শবাধারটির পাশ দিয়ে বিনম্র শ্রদ্ধায় হেঁটে যান। তাঁদের অনেকেরই পরিধানে ছিল লাল পোশাক। হেঁটে যাওয়ার সময় অনেকে বিড়বিড় করে তাঁদের নেতার উদ্দেশে প্রার্থনা করেন। কেউবা তাঁর প্রতি চুমু উড়িয়ে দেন।শেষকৃত্য শুরুর আগে চাভেজকে গার্ড অব অনার দেওয়া হয়। স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসের শেষকৃত্য পরিচালনাকারী ফিলিপিনো যাজক ফ্রাঙ্ক মালাবেদ চাভেজের শেষকৃত্য পরিচালনা করেন। চাভেজের মরদেহ যথাযথভাবে সংরক্ষণে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষকে অনুরোধ জানান।ঘনিষ্ঠ বন্ধু চাভেজকে শেষবারের মতো বিদায় জানাতে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল সকালেই ভেনেজুয়েলা পৌঁছে গভীর শোক প্রকাশ করেন। বিশ্বে যাঁরা ন্যায়বিচার, ভালোবাসা ও শান্তি চান, চাভেজ তাঁদের একজন প্রতীক বলে আহমাদিনেজাদ মন্তব্য করেন। তাঁকে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী, বিজ্ঞ ও বিপ্লবী নেতা বলেও আখ্যা দেন তিনি।৪৯ বছর বয়সী বিক্রয়কর্মী সাউল মানতানো জানাচ্ছিলেন তাঁর অভিব্যক্তির কথা, ‘তিনি (চাভেজ) ওই শবাধারে শুয়ে আছেন ঠিকই, কিন্তু আমার নেতা অমরই রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমি তাঁকে কখনোই মৃত অবস্থায় দেখতে চাইনি। তার পরও এটিই বাস্তব।’ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট দিওসদাদো ক্যাবেল্লো জানান, চাভেজের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সাতটায় (বাংলাদেশি সময় আজ ভোর সাড়ে পাঁচটা)। এর পর ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আনুষ্ঠানিকভাবে প্রয়াত প্রেসিডেন্ট চাভেজের দায়িত্ব (ভারপ্রাপ্ত) গ্রহণ করবেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মাদুরো নির্বাচনের ঘোষণা দেবেন। নির্বাচনের তারিখ নির্ধারণে জাতীয় নির্বাচন পরিষদ কাজ করছে। তবে সংবিধান অনুযায়ী, চাভেজের মৃত্যুর ৩০ দিনের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এএফপি ও বিবিসি।