চোর বটে!
ট্রাক থেকে দুটি সুটকেস চুরি করে চোর। একটিতে ছিল দামি রত্ন আর গয়না। অন্যটিতে ছিল ট্রাক-মালিকের ছেলের দেহভস্ম। পরে চোর ওই ভস্ম ডাকযোগে মালিকের ঠিকানায় পাঠিয়ে দেয়। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের টাকোমা শহরতলিতে। গত বুধবার পুলিশ এ বিরল ঘটনার কথা জানায়। খবরে বলা হয়, টাকোমায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই ট্রাক। কাছেই এক মাঠে গিয়ে গল্ফ খেলছিলেন মালিক। এ ফাঁকে ট্রাকে হানা দিয়ে দুটি সুটকেস বগলদাবা করে ওই চোর। একটি ছিল দুর্লভ রত্ন ও সোনা-রুপার গয়নায় ভরা। সবুজ রঙের অন্য সুটকেসটি খুলে চোর দেখতে পায় দেহভস্ম। কোনো সূত্র থেকে সে নিশ্চিত হয় যে, ওই দেহভস্ম ট্রাক-মালিকের ছেলের। বাবার কাছে এটি কতটা অমূল্য। তাই চোর ওই দেহভস্ম বেনামে ডাকযোগে মালিকের ঠিকানায় পাঠিয়ে দেয়। উল্লেখ্য, চুরির সময় মালিকের কার্ডও বাগাতে সক্ষম হয়েছিল চোর। ওই কার্ড থেকেই ঠিকানা পায় সে। রয়টার্স।