চোরের ঘরে চুরি!

গৃহস্থের ঘরেই সাধারণত চোর আসে। কিন্তু চোরের ঘরে কে যাবে চুরি করতে! এবার কিন্তু তা-ই হয়েছে। যুক্তরাজ্যে এক ব্যক্তির সাইকেল চুরি করেছিল চোর। কিন্তু তা বিক্রি করতে ওই চোর সামাজিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ায় জেনে যান মালিক। এরপর তিনি চোরের কাছ থেকেই ‘চুরি’ করেন নিজের সাইকেল!
গত শনিবার দ্য টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের ব্রিস্টলে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। ৩০ বছর বয়সী জেনি মরটন-হামফ্রিসের সাইকেল সম্প্রতি চুরি হয়ে গিয়েছিল। তিনি নিজের সাইকেলের ছবি ফেসবুকে পোস্ট করেন। আর তা দেখে এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া সাইকেলের হদিস পাওয়া যায়। জেনির এক বন্ধু এর খোঁজ পান। কারণ, চোর মহাশয় সাইকেলটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন ফেসবুকেই।
এরপর জেনি আর তাঁর বন্ধু মিলে ওই চোরের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন। তাঁরা সাইকেলটি কেনার ব্যাপারে আগ্রহ দেখান। চোরও পটে যায়। ঠিক হয় দেখা করার দিনক্ষণ।
এ অবস্থায় চুরি যাওয়া সাইকেল উদ্ধারে স্থানীয় পুলিশের সাহায্য চান জেনি। কিন্তু পুলিশ এসবে জড়াতে অস্বীকার করে! শেষে উদ্ধার অভিযানে নামেন জেনি ও তাঁর বন্ধু।
জেনি বলেন, ‘সাইকেলটি পরীক্ষা করে দেখতে চাই। আমি খুব আগ্রহী হওয়ার ভান করি। আমি ওই ব্যক্তিকে বলছিলাম যে সাইকেলের আসন খুব উঁচু। আমি একটু চালিয়ে দেখতে চাই। তিনি রাজি হলে বসে পড়ি সাইকেলে। এরপর চালানোর ভান করে সাইকেল নিয়ে চম্পট দিই।’
তবে চোর ব্যক্তিটি কিন্তু জেনির উপকারও করেছেন। চুরির পর সাইকেলের কিছু ত্রুটি সারাই করেছিলেন তিনি। আখেরে লাভ হলো সেই গৃহস্থেরই।