ছত্তিশগড়ে গুলিতে কংগ্রেসপ্রধানসহ নিহত ২৭

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের গুলিতে স্থানীয় কংগ্রেসপ্রধান নন্দকুমার প্যাটেল ও তাঁর ছেলে দীনেশসহ ২৭ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাজ্যের বাসতার জেলায় কংগ্রেসের নেতাদের বহনকারী গাড়িবহরে এই হামলা চালানো হয়। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মহেন্দ্র কর্মও রয়েছেন।
পুলিশের মহাপরিচালক রাম নিওয়াজ জানান, এ ঘটনায় ৩২ জন আহত হন। এর মধ্যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভি সি শুক্লাও রয়েছেন।
পুলিশের একটি সূত্র জানায়, মাওবাদীরা ওই হামলা চালানোর পর প্যাটেল ও তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর জেলার জিরাম উপত্যকা থেকে এই বাবা-ছেলে ছাড়া আরও আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এই আটজনের বেশির ভাগই নিরাপত্তা-রক্ষী ছিলেন।
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, ‘এই হামলা কংগ্রেসের ওপর নয়, এটি গণতন্ত্রের ওপর হামলা। তবে এ ধরনের হামলায় আমাদের ভয় পেলে চলবে না। বরং আমাদের প্রবল উত্সাহ নিয়ে এগিয়ে যেতে হবে।’ আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে তিনি হাসপাতালে যান।