ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২৪ মাওবাদী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৪ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। রাজ্যের তিন জেলায় গতকাল শুক্রবার সকালে পৃথক লড়াইয়ে তাঁরা নিহত হন।রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাস্তার অঞ্চলের বিজাপুর জেলায় গতকাল সকালে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত হন। এ সময় দুই মাওবাদী বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজ্যের সুকমা ও নারায়ণপুর জেলায় পৃথক দুটি সংঘর্ষে আরও চার মাওবাদী নিহত হন। তবে পুলিশ ওই এলাকায় ১৮ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রশান্ত আগারওয়াল বলেন, গভীর জঙ্গলে বন্দুকযুদ্ধে ১৮ মাওবাদী নিহত হন। এ সময় ছয় মাওবাদী ও ছয় পুলিশ-সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে দান্তেওয়ারার সিলজার জঙ্গল এলাকা ঘিরে ফেলেন সিআরপিএফের সদস্যরা। এরপর ছয় ঘণ্টা ধরে তাঁদের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়।মাওবাদী-অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের অরণ্য এলাকায় মাওবাদী বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চলছে। মাওবাদীরা গত মাসে পুলিশের ওপর আচমকা আক্রমণ করে ছয় কর্মকর্তা ও একজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। ওই বিদ্রোহীরা কয়েক দশক ধরে উপজাতীয় জনগণ ও ভূমিহীন কৃষকদের অধিকার আদায়ের নামে লড়াই করছে। ভারত সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে মনে করে।