ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে ১২ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়ারা জেলার কিরণডুলি থানার সুমিয়াপাল জঙ্গলে গতকাল বুধবার বেলা ১১টা থেকে মাওবাদীদের সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিআরপিএফের লড়াই শুরু হয়েছে। এতে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে বেসরকারি সূত্রে জানা গেছে। ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে।সূত্র জানায়, নিখোঁজ রয়েছে অন্তত ৭০ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একজন মাওবাদীর লাশও উদ্ধার করা হয়। রাজ্যের রাজধানী রায়পুর থেকে এই জঙ্গল ৪২০ কিলোমিটার এবং দান্তেওয়ারা জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।পুলিশের মহাপরিদর্শক (আইজি) রাজেশ মিশ্র সাংবাদিকদের জানান, গতকাল সকাল আটটার দিকে সিআরপিএফের ৮০ সদস্য জঙ্গলে নিয়মিত টহল সেরে ক্যাম্পে ফেরার পথে গভীর জঙ্গলে প্রায় ২০০ মাওবাদী তাঁদের ওপর হামলা চালায়। সরকারি সূত্র অবশ্য গতকাল পর্যন্ত এক পুলিশ ও এক মাওবাদীর মুত্যুর খবর নিশ্চিত করেছে।গুমিয়াপাল জঙ্গল ছত্তিশগড় ও অন্ধ্র প্রদেশ সীমান্ত এলাকায়। মাওবাদীদের অতর্কিত হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আরও সিআরপিএফের ৩০০ সদস্যকে পাঠানো হয়েছে। সিআরপিএফের সদস্যরা ইতিমধ্যে নিখোঁজ হওয়া ২৫ পুলিশকে উদ্ধার করেছেন।