ছদ্মবেশে ঘুরে বেড়ান কার্লা ব্রুনিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি দ্বিতীয়বারের মতো নির্বাচনী প্রচারণায় নামার কারণে গণমাধ্যমকর্মীদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মিডিয়ার এই নজরদারি থেকে বাঁচতে তাঁর স্ত্রী ফার্স্ট লেডি কার্লা ব্রুনি ছদ্মবেশে ঘোরাফেরা করছেন আজকাল।নুভেল অবসারভেতর সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গোপন কথাটি ফাঁস করেছেন ব্রুনি। তিনি বলেন, ‘খ্যাতির বিড়ম্বনা আমাকে প্রমোদ ভ্রমণ থেকে বিরত রাখতে পারেনি। আমি আক্ষরিক অর্থেই ছদ্মবেশ ধারণ করি। মাথায় পরচুলা পরি। সবার চোখ ফাঁকি দিয়ে স্বচ্ছন্দে পাতালরেলে ঘুরি। কেউ আমাকে চিনতেই পারে না।’নিজের ছদ্মবেশের এই জাদুতে মুগ্ধ ব্রুনি বলেন, ‘কিছু দিন আগে সামুদ্রিক জাদুঘরে গেলাম। সেখানে নিরাপত্তাকর্মীরা আমার হাতব্যাগ তল্লাশি করল। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীর ব্যাগ ঘাঁটছে।’এর আগে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ছদ্মবেশে কেনাকাটা করতে যাওয়ার কথা জানিয়েছিলেন। একসময়ের জনপ্রিয় মডেল ও সংগীতশিল্পী ব্রুনির জন্য ছদ্মবেশে ঘুরে বেড়ানো মোটেও নতুন কিছু নয়। ২০০৭ সালে একবার সারকোজি তাঁকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, তাঁর সঙ্গে অভিসার করা মোটেও ‘উপহার নয়’। কারণ, আলোকচিত্রীরা পিছু নেবে। এর উত্তরে পাপারাজ্জিদের চোখ ফাঁকি দিতে তাঁর দক্ষতার কথা তুলে ধরে ব্রুনি বলেন, ‘ দ্যাখো, তুমি এ ব্যাপারে একদম নবিশ। মিক জ্যাগারের সঙ্গে আমার আট বছরের প্রেমের ব্যাপারে কেউ কিচ্ছুটি জানতে পারেনি। অথচ আমরা তখন পৃথিবীর প্রায় সর্বত্র ঘুরে বেড়িয়েছি। কোনো আলোকচিত্রী কখনো আমাদের ধরতে পারেনি।’জ্যাক সেগুয়েলার আনঅথরাইজড অটোবায়োগ্রাফি গ্রন্থের বিবরণ অনুযায়ী সারকোজি এ সাফল্যের রহস্য জানতে চান। জবাবে ব্রুনি বলেন, ‘ব্যাপারটা খুবই সাধারণ। মিককে যখন যেমন ইচ্ছা হতো ছাগুলে দাড়ি, গোঁফ আর উদ্ভট স্টাইলের পরচুলা পরিয়ে নিতাম।’ব্রুনির সঙ্গে ওই প্রেমপর্বের সময় মিক জ্যাগার বিবাহিত ছিলেন! তাঁর তখনকার স্ত্রী (দ্বিতীয়) আরেক বিখ্যাত মডেল জেরি হল। দ্য টেলিগ্রাফ।