ছবিটা এখন শুধুই স্মৃতি

এ যেন ছবি নয়, একটা গল্প। জীবনের গল্প। যেন সুখী জীবনের অপরূপ এক প্রতিচ্ছবি। প্রিয়তমা স্ত্রী মৌরি আর মাত্র এক বছরের ছেলে অনীশকে পরম ভালোবাসা আর মমতায় আগলে রেখেছেন অমিত। কিন্তু আচমকা এক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সেই সুখের স্বর্গ। ভালোবাসার বন্ধন ছিঁড়ে মৃত্যুদূত এসে কেড়ে নিল অমিতকে।প্রিয়তম স্বামীকে হারিয়ে এখন কষ্টে পাথর মৌরি। আর অনীশের তো বোঝার বয়সই হয়নি যে কী হারিয়েছে সে!
অমিতকে চিনতেন আরেক কানাডাপ্রবাসী আরেফিন সামাদ খান। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরেই অমিত বুকে ব্যথা অনুভব করছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি ব্যথাটা বেড়ে গেলে তিনি টরন্টোর ইস্ট ইয়র্ক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে ইসিজিতে তাঁর হৃৎপিণ্ডে কিছু অনিয়ম ধরা পড়লেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানান চিকিৎসক। পরদিন অমিতের একটু জ্বর আসে। তিনি ও তাঁর স্ত্রী মিলে জরুরি বিভাগে যাওয়ার জন্য মনস্থির করেন। কিন্তু অমিতের পরদিন একটা পরীক্ষা ছিল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, পরীক্ষাটা দিয়েই জরুরি বিভাগে যাবেন।
আরেফিন বলেন, ১ মার্চ অন্য দিনের মতোই অমিত বাসাতে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। সন্ধ্যার পর নিজের ২০ তলার বাসা থেকে ৫ তলায় এক ছোট ভাই অর্ণবের বাসায় গল্প করতে যান। দুজন বারান্দায় গল্প করছিলেন। হঠাৎ অমিত মাটিতে পড়ে গেলেন। মুখ থেকে ফেনা ওঠা শুরু করে। অর্ণব সঙ্গে সঙ্গে কল করেন ৯১১-এ। বুঝতে পারেন নিশ্বাস ছোট হয়ে আসছে অমিতের। ৯১১-এ অপারেটর ক্রমাগত অর্ণবকে বলে যান কীভাবে সিপিআর ও প্রাথমিক চিকিৎসা দিতে হবে। অর্ণবও যথাসাধ্য চেষ্টা চালান। কিন্তু অর্ণব বুঝতে পারেন নিঃসাড় হয়ে আসছে অমিত। ১৫ মিনিটের মধ্যে চলে আসে প্যারামেডিকের দল। চেষ্টা চলে সর্বোচ্চ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতকে। তখন রাত ১১টা। সবকিছু পরীক্ষা করে চিকিৎসক ঘোষণা করলেন, অমিত আর নেই।
আরেফিন বলেন, ‘পৃথিবীর বুক থেকে সদা হাস্যোজ্জ্বল একটা ছেলে চলে গেল, এটা কিছুতেই কেন জানি মানতে পারছি না।’
অমিতের ব্যক্তিজীবন সম্পর্কে আরেফিন বলেন, খুবই মেধাবী, বিচক্ষণ ছিলেন অমিত। খেলাধুলা, পড়াশোনা সবকিছুতেই দাপিয়ে বেড়াতেন।
২০০৮ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যায় ইউনিলিভার বাংলাদেশে। নিজের যোগ্যতায় ক্রমাগত পদোন্নতি পেয়ে ২০১৪ সালে ইউনিলিভারের টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পান তিনি। করপোরেটে সাবলীল ক্যারিয়ার থাকলেও অমিতের বরাবরই ইচ্ছা ছিল নিজের স্বপ্নের বিষয় নিয়ে পড়ার। মেকানিক্যাল, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়গুলো ওকে খুব টানত। ২০১৬ সালে বাংলাদেশের চাকরি ছেড়ে দিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে অভিবাসী হয়ে অমিত চলে আসেন টরন্টোতে। আসার পরই পেয়ে গেলেন তাঁর স্বপ্নের বিষয় মেকাট্রনিক্স, ভর্তি হলেন রায়ারসন ইউনিভার্সিটিতে। ভালোই চলছিল সব।
আরেফিন বলেন, অমিত খেলতে ভালোবাসতেন, দৌড়াতে পছন্দ করতেন। মাঝেমধ্যে ট্র্যাক স্যুট পরে সাত-আট কিলোমিটার দৌড়ে বন্ধুদের বাসায় চলে যেতেন। ধমক দিয়ে বন্ধুদের বলতেন, ‘এভাবে বসে বসে থাকলে শরীরে মেদ জমে কবে যে হার্ট অ্যাটাক করবি! চল বেটা, দৌড় দিয়ে আসি।’ তাঁর কথায় বন্ধুরা বের হয়, কিন্তু অমিতের সঙ্গে পেরে ওঠে না। আজ সেই অমিতই হৃদ্রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না-ফেরার দেশে। তাঁর অকালমৃত্যুতে টরন্টোর বাঙালিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।
৫ মার্চ রোববার স্কারবোরোর নাগেট মসজিদের প্রথম তলায় বাদ জোহর অমিতের জানাজা অনুষ্ঠিত হয়।