ছবির সঙ্গে প্রেম

কর্নেলিয়াস গারলিটরের বয়স ৮০। সম্প্রতি জার্মানির মিউনিখ শহরে তাঁর ফ্ল্যাট থেকে পিকাসো, মার্ক শাগাল ও মাতিসসহ ২০ শতকের খ্যাতিমান কয়েকজন শিল্পীর আঁকা প্রায় দেড় হাজার ছবি জব্দ করে পুলিশ। এতে ভেঙে পড়েছেন একাকী কর্নেলিয়াস। জানিয়েছেন, নিজের গোপন প্রেমের মতো ছবিগুলো লালন করেছেন তিনি। তাই ওই ছবিগুলোর সঙ্গে বেঁচে থাকতে চান বাকি জীবন।
আজ সোমবার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নািস বাহিনী ওই ছবিগুলো লুট করেছিল। কর্নেলিয়াসের বাবা হিল্ডারব্র্যান্ড গারলিটর ছিলেন নািস আমলের শিল্প-সংগ্রাহক ও ব্যবসায়ী। লুট হওয়া ছবিগুলো কিনেছিলেন তিনি। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার। বাবার সংগ্রহ থেকে ছবিগুলো পেয়েছেন কর্নেলিয়াস। এত দিন সযত্নে গোপনে নিজের কাছে ছবিগুলো রেখে দিয়েছিলেন তিনি।
কর ফাঁকি দেওয়ার সন্দেহে সম্প্রতি পুলিশ কর্নেলিয়াসের ফ্ল্যাটে অভিযান চালালে একটি অন্ধকার ঘরে জ্যামের কৌটা ও অন্যান্য আবর্জনার মধ্যে ছবিগুলো লুকানো পায়। ছবিগুলো জব্দ করে পুলিশ। এরপর থেকে দারুণভাবে ভেঙে পড়েন কর্নেলিয়াস।
চিকিত্সার জন্য গত সপ্তাহে জার্মানির অন্য একটি শহরে যান তিনি। সেখানে এক শিল্প-বিশেষজ্ঞকে তিনি জানান, ১৯৬৩ সাল থেকে তাঁর বাসায় টেলিভিশন নেই, নেই ইন্টারনেটও। প্রতিবেশীদের সঙ্গে নেই বিশেষ ভাব। নেই বন্ধুও। ছবিগুলোকে ঘিরেই ছিল তাঁর জীবন। সারাক্ষণ ছবির সঙ্গে কথা, খেলা।
নিজের বাবা, মা ও বোনের মৃত্যুর শোকের সঙ্গে তুলনা টেনে জার্মানির একটি সাময়িকীকে কর্নেলিয়াস বলেন, তাঁর একাকী জীবনের সবচেয়ে বড় সঙ্গী ছিল ওই ছবিগুলো। ছবিগুলোকে হারানোর মতো বেদনা আর নেই।
জীবনে এই ছবিগুলোর চেয়ে আর কাউকে বা কিছুকে বেশি ভালোবাসেননি বলে জানিয়েছেন কর্নেলিয়াস। তাই ছবিগুলো ফেরত পাওয়ার আশায় বিভোর তিনি। শেষ বয়সে কর্তৃপক্ষের কাছে তাঁর আকুতি, ‘আমি শুধু আমার ছবিগুলোর সঙ্গেই থাকতে চাই।’