ছবির সূত্র ধরেও ধ্বংসাবশেষ মিলল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের স্যাটেলাইট থেকে পাওয়া ‘সন্দেহজনক ধ্বংসাবশেষ’-এর স্থানটিতে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পায়নি মালয়েশিয়া। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আজহারউদ্দিন আবদুল রহমান আজ বৃহস্পতিবার এ দাবি করেন।

আবদুল রহমান কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘সেখানে কিছু নেই। আমরা সেখানে গিয়েছিলাম। কিছু পাওয়া যায়নি।’

এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এর আগে ভিয়েতনাম কর্তৃপক্ষও ওই অঞ্চলটি ব্যাপকভাবে তল্লাশি চালিয়েছিল বলে জানায়।

চীনের অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্সের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধানে নিয়োজিত চীনের একটি স্যাটেলাইট সাগরে ‘সন্দেহজনক ধ্বংসাবশেষ’ শনাক্ত করেছে। সংস্থাটি গতকাল বুধবার কয়েকটি ছবিও প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, তাদের উপগ্রহ থেকে তোলা ছবিতে সাগরে ভাসমান তিনটি সন্দেহজনক ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। এই ধ্বংসাবশেষগুলোর ধরন এবং সেগুলোর আকারই নিখোঁজ বিমানটির সন্ধানে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করতে পারে। এর একটির আকার ১৩–১৮ মিটার, আরেকটির আকার ১৪–১৯ মিটার, অন্যটির ২৪–২২ মিটার।

তবে চীনের পার্লামেন্টের বার্ষিক সভার ফাঁকে আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান লি জিয়াঝিয়াং সাংবাদিকদের বলেন, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া দক্ষিণ চীন সাগরে ভাসমান ‘কিছু বস্তুর’ ছবি যে মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের, এর কোনো প্রমাণ নেই। তিনি বলেন, ‘চীনের স্যাটেলাইট কিছু ধোঁয়া ও ভাসমান বস্তুর ছবি পেয়েছে। আমরা এখনই নিশ্চিত করতে পারছি না, এগুলো নিখোঁজ বিমানটির কি না।’ তিনি বলেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষ নিখোঁজ উড়োজাহাজটির বিষয়ে কোনো কিছু গোপন করছে না।

এদিকে বিন্দু পরিমাণ আশা জিইয়ে থাকা পর্যন্ত মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধান চালিয়ে যাবে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। আজ চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিমান নিখোঁজের বিষয়ে পাওয়া যেকোনো তথ্যই যাচাই করে দেখা হবে। বহু দেশের অংশগ্রহণে বড় পরিসরে নিখোঁজ বিমানটির সন্ধান তত্পরতা চলছে।

গত শুক্রবার মধ্যরাতে মোট ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। মালয়েশিয়া এয়ারলাইনসের প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, উড়োজাহাজে সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের।

ভিয়েতনামের দক্ষিণে জলসীমায় যাওয়ার পর রহস্যজনকভাবে বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর এই ছয় দিনে ২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে উড়োজাহাজটিকে। গত মঙ্গলবার চীন ১০টি স্যাটেলাইট মোতায়েন করে।