জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, যুদ্ধ, সংঘাত এবং নিপীড়নের কারণে বিশ্বে ২০১৪ সালে উদ্বাস্তু মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় কোটিতে। আগের বছরের চেয়ে গত বছর গৃহহারা মানুষের সংখ্যা বেড়েছে ৮৩ লাখ। সংস্থাটির প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বে প্রতি ১২২ জন মানুষের একজন হয় শরণার্থী, অভ্যন্তরীণ উদ্বাস্তু বা অভিবাসনপ্রত্যাশী। খবর বিবিসির।
ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে উদ্বাস্তু মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে সিরিয়ার চলমান যুদ্ধ একটি বড় কারণ। সংস্থার প্রধান অ্যান্টোনিও গুটেরেস বলেছেন, বিশ্ব এখন এক বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। বিষয় হচ্ছে, মানুষ যদি মনে করে মানবতাবাদীরা এই অরাজক পরিস্থিতি সামাল দিতে পারবে, তবে তা সম্ভব নয়। উদ্ধারের কোনো উপায় নেই।
গুটেরেস বলেন, প্রতিদিন মানুষ উদ্বাস্তু হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এসব মানুষের বেশির ভাগেরই সহায় বলে কিছু নেই। তিনি জানান, ২০১৪ সালে প্রতিদিন উদ্বাস্তু হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪২ হাজারে। এর আগের বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার।
ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে বিশ্বে ১৫টি নতুন সংঘাতের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আটটি আফ্রিকায় এবং তিনটি মধ্যপ্রাচ্যে। এর ফলে ২০১৪ সালে প্রায় ছয় কোটি মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। আর শরণার্থী হয়ে যায় সাড়ে ১৯ লাখ মানুষ। শরণার্থীদের মধ্যে অর্ধেকই শিশু। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী জাস্টিন গ্রিনিং বলেছেন, উদ্বাস্তু নিয়ে জাতিসংঘের এই পরিসংখ্যান বেদনাদায়ক। তিনি বলেন, ‘কিছু উদ্বাস্তু মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে বলেছে, তারা শুধু ঘরে ফিরে স্বাভাবিক জীবন যাপন করতে চায়। এসব মানুষের জন্য খাবার, পানীয় এবং বাসস্থানের মতো মৌলিক বিষয়গুলোর ব্যবস্থা আমাদের করতে হবে। তাদের দারিদ্র্য এবং জীবনের অস্থিতিশীলতার মূল কারণও খুঁজতে হবে।’
প্রতিবেদনে বলা হচ্ছে, উদ্বাস্তুদের মধ্যে ৩ কোটি ৮২ লাখ মানুষ ইউক্রেন, নাইজেরিয়া এবং দক্ষিণ সুদানে চলা সংঘাতে অভ্যন্তরীণ উদ্বাস্তু হয়ে পড়েছে। কেবল সিরিয়ায় ৩৯ লাখ মানুষ শরণার্থী হয়ে পড়েছে। দেশটিতে অভ্যন্তরীণ উদ্বাস্তু মানুষের সংখ্যা ৭৬ লাখ। শরণার্থীদের সংখ্যার বিচারে এরপরই আছে আফগানিস্তান এবং সোমালিয়া।
ভূমধ্যসাগরীয় সংকট: প্রতিবেদনে বলা হয়েছে, এখন বিশ্বের ১৮ লাখ মানুষ ভিন দেশে আশ্রয় চেয়ে অপেক্ষা করছে। ইউরোপে গত বছর ৬৭ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৫০ ভাগ বেড়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসী মানুষের বাড়তে থাকা স্রোত সামলাতে সংকটে পড়েছে এ অঞ্চলটি। ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের মধ্যে জার্মানিতে সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর আবেদন আছে। এরপরই আছে সুইডেন।