
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরানের সঙ্গে কয়েক মাসের মধ্যেই এমন একটি চুক্তিতে পৌঁছা যাবে যার মাধ্যমে ইরান প্রমাণ করবে, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো কর্মসূচি চালাচ্ছে না।
কেরি সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে গত রোববার এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যের সূত্র ধরে কেরি বলেন, ইরানের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা তারও আগে হতে পারে। তবে সেটি নির্ভর করছে ইরান কিছু শর্ত মেনে নেয় কি না, তার ওপর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ের আগেও চুক্তিতে পৌঁছা সম্ভব হতে পারে। এটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। ইরানকে এ জন্য প্রস্তুতি নিতে হবে।
কেরি বলেন, ‘আমাদের একটি ভালো চুক্তিতে পৌঁছাতে হবে। ভালো চুক্তির অর্থ হলো, পুরোপুরি জবাবদিহি নিশ্চিত করা ও একটি ব্যবস্থা গ্রহণ করা, যার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, ইরান সত্যিই শান্তিপূর্ণ কর্মসূচির জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। এএফপি।