ছাই উড়িয়ে কবুতরের যাত্রা রোধ করা কি যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা বাংলার লোকজ সংস্কৃতি ঢেকে দেওয়া হয়েছে পোড়া মবিলের কালো আবরণে। বর্ষবরণকে ঘিরে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের পাশের দেয়ালে চারুকলার শিক্ষার্থীরা একেঁছিলেন এই চিত্র। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তা নষ্ট করে ফেলে l প্রথম আলো
দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা বাংলার লোকজ সংস্কৃতি ঢেকে দেওয়া হয়েছে পোড়া মবিলের কালো আবরণে। বর্ষবরণকে ঘিরে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের পাশের দেয়ালে চারুকলার শিক্ষার্থীরা একেঁছিলেন এই চিত্র। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তা নষ্ট করে ফেলে l প্রথম আলো

রমনার বটমূলে সূর্য ওঠা সকালে ছায়ানটের ‘এসো হে বৈশাখ এসো এসো’ সংগীতের মাধ্যমে বৈশাখকে বরণ করার রীতি নতুন মাত্রা নিয়ে আসে আমাদের বর্ষবরণে। শুধুই সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের উপস্থিতি দিয়ে শুরু হয়ে আজ তা বাঙালির মানসিক চেতনার উন্মেষের দ্বার। এবার তার গৌরবময় ৫০ বছর পূর্তি। সেই ১৯৬৭ সালে পয়লা বৈশাখে প্রথম আয়োজন এই বটমূলে। অর্ধশত বছর বাঙালির ইতিহাস, ঐতিহ্যে বিশাল সংখ্যা হয়তো নয় কিন্তু এই দীর্ঘ যাত্রা আমাদের অনেক অর্জনে পাশাপাশি থেকে আমাদের সংস্কৃতি ও চেতনাকে শক্ত হাতে ধরে রাখতে ভূমিকা রেখেছে।

গ্রামগঞ্জে পয়লা বৈশাখ মানেই ছিল হালখাতা, সঙ্গে কোথাও কোথাও চৈত্র সংক্রান্তি মেলা। ছোট্টবেলায় বাবার সঙ্গে হালখাতায় গিয়েছি মিষ্টি খাওয়ার লোভে। একটু বড় হলে আমার হাতে কখনো টাকা দিয়ে পাঠিয়েছে খাতা খোলার জন্য। আর দোকানির ছেলে বন্ধু হলে, যেমন আমার ছোটবেলার বন্ধু মানিক, ইন্দ্রদের জন্য মিষ্টি কিছু বেশিই খেয়েছি। তো বাপু, এর মধ্যে পান্তা-ইলিশ এল কীভাবে?
মানুষের আগমন দিনে দিনে বাড়তে থাকে রমনায়। দোকানিদের সুযোগ বাড়ল। মানুষের উপস্থিতিকে পুঁজি করেই তো ব্যবসা। প্রথমে পান্তার আবির্ভাব ঘটে পেঁয়াজ-মরিচ ও ভর্তার সঙ্গে। শৈল্পিক কারণে সঙ্গে মাটির সানকির যোগ। ঠিকই তো, বাঙালিপনায় মানানসই। বাংলার ঘরে ঘরে সকালবেলা এমনই তো রীতি ছিল। রাতের ভাত বেশি রান্না করা হতো, রাতের খাবারের পর বেঁচে যাওয়া ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখা হতো; হয়ে গেল পান্তা ভাত। বর্তমানের ঢাকার পান্তা আর গাঁও-গেরামের পান্তা তো এক নয়। ঢাকার পান্তা হলো আধুনিক পান্তা, রীতিমতো একটি রেসিপি—রাতের বেলা ভাত রান্না করুন, ভাত হয়ে গেলে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে ঠান্ডা করুন, তারপর বিশুদ্ধ পানি ঢেলে ভিজিয়ে, ঢেকে ফ্রিজে তুলে রাখুন। তাই এই পান্তা তো গেরামের পান্তার মতো খাওয়া যাবে না। তাই শৈল্পিক কারণেই সঙ্গে ইলিশের যোগ, শাহবাগে দোকানিদের সুযোগ। কেনই-বা নয়! আমার এক বন্ধু সেই নব্বইয়ে পান্তায় ঝাঁপিয়ে পড়ল, পরদিন আর খবর মিলছিল না, মোবাইল ছিল না তো! পরে শুনি শাহবাগের অর্ধেক ওরস্যালাইন একাই...। তিনি বর্তমানের বিশেষ বিশিষ্ট ডাক্তার।
এক সানকি পান্তা-পেঁয়াজ-কাঁচা মরিচ, ভর্তা ও এক টুকরা ইলিশ মাছ; মাত্রা যোগে পাটি বিছিয়ে পরিবেশন, বুঝুন এবার আর ঠেকায় কে! হুজুগে বাঙালির আমিষ যোগ। কারওয়ান বাজারিদের ব্যবসায় উন্নতি। মীনা বাজার ও আগোরা তারাই বা কেন বসে থাকবে। প্রচারেই প্রসার। অনেকের তো আবার ওই ইলিশ ছাড়া জমেই না। হয়ে গেল সিজন্যাল ব্যবসা। দেশের টাকা দেশেই থাকল, শুধু পকেট পরিবর্তন। এখন শুদ্ধ ভাষায় লিখছি! আমিও খেয়েছি। বলতেই পারেন, ‘সাত খোপের কইতর খাইয়া চলছে বিড়াল হজে ধাইয়া।’ ফেসবুক ছেয়ে আছে পান্তা-ইলিশের বিপরীতে।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা মোটেই হতো না, যদি এই বৈশাখ ইলিশের সিজন হতো।
আমি সংস্কৃতিকে টানাটানি করব না। কালের সঙ্গে এর বিবর্তন ঘটেছে ও ঘটবে, শুধু দাবি, এর মূল ধরে রাখা। আর এই পয়লা বৈশাখ আমাদের বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। আলকাতরা ঢেলে তা ঢেকে দেওয়া যায় না, যাবে না। ছাই উড়িয়ে কবুতরের যাত্রা রোধ করা কি যায়! আমাদের সংস্কৃতি ও চেতনাকে শক্ত হাতে ধরে রাখতে সর্বোপরি এর উদ্যাপনকে আমি মনেপ্রাণে মানি।

শামসুদ্দোহা সেলিম: চিকিৎসক ও কবি।
এডমন্টন, কানাডা থেকে