ছাত্ররা না হাসায় পুলিশ ডাকলেন শিক্ষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যান হাজেস। ছবি : মিররের সৌজন্যে
যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যান হাজেস। ছবি : মিররের সৌজন্যে

যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের ছোট্ট দ্বীপ অ্যাংলিসে। ওই দ্বীপেরই এক গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে চলছিল শিক্ষার্থীদের দলবদ্ধ ছবি তোলার প্রস্তুতি। প্রধান শিক্ষিকা অ্যান হাজেস চাইছিলেন শিক্ষার্থীরা যেন ছবি তোলার সময় হাসিমুখে থাকে। কিন্তু কোনো ছাত্রই হাসছিল না।

রাগে ফুঁসতে ফুঁসতে রীতিমতো পুলিশ ডাকলেন অ্যান হাজেস। পুলিশকে তিনি শিক্ষার্থীদের শাসাতে বলেন। তাঁর অভিযোগ, না হাসার কারণে ছবিটা নষ্ট হতে বসেছিল।

পিটিআইয়ের খবরে বলা হয়, পুলিশ ডেকে উল্টো ফেঁসে গেছেন প্রধান শিক্ষিকা অ্যান। কেননা এর পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসা শুরু হয়। এর পর তাঁর বিষয়ে রীতিমতো শুনানি বসে।

শুনানিতে ছাত্ররা নালিশ করে বলেছে, তিনি কথায় কথায় ছাত্রদের ‘স্টুপিড’ বলে বকাঝকা করতেন। যে সব ছাত্রের মাতৃভাষা ওয়েলস, তাঁদের প্রতি তিনি বিশেষ পক্ষপাতমূলক আচরণ করতেন।

ওয়েলসের সাধারণ শিক্ষা কাউন্সিলের কমিটি গতকাল জানতে পেরেছে, প্রধান শিক্ষিকা ছোটখাটো ভুলের জন্য ক্লাসে ছাত্রদের খুব বেশি সমালোচনা করতেন ও চেঁচামেচি করতেন।

এক ছাত্র অভিযোগ করে বলেছে, নামের বানান ভুল করায় তার চোখের সামনে তাঁর পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলেছেন প্রধান শিক্ষিকা অ্যান হাজেস।