ছাত্রীদের জন্য নিষিদ্ধ কয়েকটি কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বেশ কিছু কোর্স নিষিদ্ধ করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে এ ধরনের বিধিনিষেধ আরোপের ফলে দেশটিতে নারীশিক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সরকারের এ পদক্ষেপের প্রভাব দীর্ঘমেয়াদি ও নেতিবাচক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কর্মকর্তারা বলেছেন, ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০টি ভিন্ন কোর্সে ছাত্রীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।নারীদের জন্য নিষিদ্ধঘোষিত বিষয়ের মধ্যে রয়েছে প্রকৌশলবিদ্যা, পরমাণু পদার্থবিদ্যা, কম্পিউটারবিজ্ঞান থেকে শুরু করে ইংরেজি সাহিত্য, প্রত্নতত্ত্ব, ব্যবসায় শিক্ষা প্রভৃতি। সরকারবিরোধীরা মনে করছেন, শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিয়ন্ত্রণের নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে শান্তিতে নোবেল বিজয়ী ইরানের আইনজীবী শিরিন এবাদি বলেন, এর মাধ্যমে মনে হচ্ছে সমাজে সক্রিয় অবস্থানের পরিবর্তে নারীদের ঘরোয়া কাজকর্মে প্রত্যাবর্তন করাতে চায় ইরান সরকার।ইরানের দক্ষিণ অঞ্চলের তরুণী লেইলা বলেন, ‘আমি স্থাপত্যবিদ্যা ও পুরকৌশল পড়তে চেয়েছিলাম। কিন্তু মেয়েদের ভর্তির সুযোগ অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। তাই এ বছর আমার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’দেশটির উচ্চশিক্ষামন্ত্রী কামরান দানেশজুর দাবি, পরিবর্তন আনার পরও বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ কোর্স নারী-পুরুষনির্বিশেষে উন্মুক্ত রয়েছে।মধ্যপ্রাচ্যের যে দেশগুলো প্রথম দিকে নারীশিক্ষার সুযোগ দেয়, ইরান তাদের একটি। দেশটিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে উচ্চশিক্ষায় অংশগ্রহণে নারীদের উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার ব্যবধান ধীরে ধীরে কমে আসে। ২০০১ সালে ছাত্রীরা সংখ্যায় এগিয়ে যায় আর এখন তাদের সংখ্যা মোট শিক্ষার্থীদের ৬০ শতাংশেরও বেশি। জীবনযাত্রায় স্বাধীনতা ও পেশা বাছাইয়ের সুযোগ প্রভৃতি প্রত্যাশা নিয়ে তরুণীরা উচ্চশিক্ষায় আগ্রহী হন। তেহরানে সমাজবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদ মোইদফার বলেন, রাজনীতিকেরা শিক্ষিত ও ক্ষমতাবান নারীদের হুমকি বলে মনে করছেন। তবে মানুষ এখন আগের চেয়ে বেশি শিক্ষিত ও সচেতন। তাই সরকারের এসব পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে। বিবিসি।