ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ রুশনারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশনারা আলী
রুশনারা আলী

যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দলের ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে। 

দ্য হাফিংটন পোস্ট পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে গতকাল শুক্রবার একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি পাসের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন রুশনারা। ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকেও বিরত থাকেন তিনি।

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রস্তাব নিয়ে প্রায় ছয় ঘণ্টা আলোচনা হয়। পরে তা ৫২৪-৪৩ ভোটে পাস হয়। দেশটির তিনটি প্রধান রাজনৈতিক দলই এই প্রস্তাব সমর্থন করে।

৪৩ জন এমপি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাজ্যের জড়িয়ে পড়ার পরিণতি নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভোটের আগে বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের কাছে লেখা পদত্যাগপত্রে রুশনারা উল্লেখ করেন, আইএসের কর্মকাণ্ড যে ভয়ংকর ও বর্বরোচিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ ধরনের বিমান হামলা ইরাকের জনগণের জন্য আরও রক্তপাত বয়ে আনবে। তাঁর বিবেক এই প্রস্তাব সমর্থন করতে পারছে না।

দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকতে ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন রুশনারা।

রুশনারার চিঠির জবাবে মিলিব্যান্ড বলেন, ‘আমি আপনার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই এবং আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। ’