ছায়া মন্ত্রিসভা গড়ার উদ্যোগ করবিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা জেরেমি করবিন ছায়া মন্ত্রিসভা গঠনে এরই মধ্যে কাজ শুরু করেছেন। শিগগিরই আসছে এই মন্ত্রিসভার তালিকা। খবর বিবিসি ও টেলিগ্রাফের।
এরই মধ্যে কট্টর বাম হিসেবে পরিচিত করবিনের অধীনে ছায়া মন্ত্রিসভার সদস্য হতে অনীহা প্রকাশ করেছেন লেবার দলের অনেক নেতা।
বিপুল ভোটে বিজয়ী হয়ে লেবার পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন জেরেমি করবিন। গত শনিবার ওই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচিত হয়েই দলকে সংগঠিত করার আশাবাদ ব্যক্ত করেন করবিন। সমাজতান্ত্রিক মূল্যবোধে সমাজ গড়তে চাওয়া জেরেমি করবিন দলীয় প্রধান নির্বাচিত হয়ে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘সামনে রয়েছে অনেক লড়াই।’
তরুণ সমর্থকদের কাছে টানতে করবিন দলের লক্ষ্য পরিবর্তন করবেন বলে মনে করা হচ্ছে। তিনি তাঁর স্বভাবের কারণেই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হবেন, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আর নিজ দলেই বিদ্রোহী খেতাব পাওয়া জেরেমি করবিন কীভাবে দলের মধ্যে সংহতি গড়বেন তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।