ছিনিয়ে নেওয়া জয়ের ২০তম বার্ষিকী পালন করল সু চির দল
১৯৯০ সালের নির্বাচনে বিজয় ছিনিয়ে নেওয়ার ২০তম বার্ষিকী পালন করলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতা-কর্মী ও সমর্থকেরা। এ উপলক্ষে রাজধানী ইয়াঙ্গুনে গতকাল শ-খানেক দলীয় কর্মী জমায়েত হন। তাঁরা দলের একজন বর্ষীয়ান নেতার বাড়িতে মিলিত হয়ে দিনটি পালন করেন। ১৯৯০ সালের ২৭ মে অনুষ্ঠিত মিয়ানমারের সর্বশেষ ঐতিহাসিক নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিশাল ব্যবধানে জয় লাভ করে। কিন্তু সামরিক সরকার ওই ফলাফলকে স্বীকৃতি না দেওয়ায় তখন এনএলডি ক্ষমতায় যেতে ব্যর্থ হয়। দিনটির স্মরণেই এনএলডির শ-খানেক সমর্থক গতকাল রাজধানী ইয়াঙ্গুনে দলের ভাইস চেয়ারম্যান তিন উর বাড়িতে মিলিত হন।১৯৬২ সাল থেকে ক্ষমতায় থাকা মিয়ানমারের সামরিক জান্তা সূ চি ও তাঁর দলকে কখনোই ক্ষমতার ধারেকাছে ঘেঁষতে দেয়নি। বরং ওই নির্বাচনের পর থেকে গত ২০ বছরের মধ্যে ১৪ বছর ধরে সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। প্রথম নির্বাচনের পর থেকে এ পর্যন্ত সু চির দলের ওপর দিয়ে নানা ঝড়ঝাপটা গেছে। গত ৬ মের মধ্যে রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধন না করায় সামরিক জান্তা কিছুদিন আগে এনএলডিকে নিষিদ্ধ করে দেয়। দলটিকে নেতৃত্বশূন্য করার জন্য এ কাজ করা হয় বলে মনে করছেন অনেকে। নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সম্মানে আয়োজিত চা চক্রে ৮৩ বছর বয়স্ক তিন উ বলেন, দুই দশক ধরে এনএলডি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। নানা রকম সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে দলটি আরও এগিয়ে যাবে। এ কাজের ধারা অব্যাহত থাকবে। সমাজের জন্য কাজ করাও এক ধরনের রাজনীতি। বিজয় ছিনিয়ে নেওয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীরা কারাগারে বন্দী দলীয় সদস্যদের ছেলেমেয়েদের পড়াশোনায় সাহায্য করার অঙ্গীকার করেন। তাঁরা তিন উর বাসভবনে বৃক্ষও রোপণ করেন।দলের কর্মী পাইউ পাইউ থিন এএফপিকে বলেন, দিনটি তাঁরা সচরাচর দলের প্রধান কার্যালয়ে পালন করেন। কিন্তু ভিন্ন পরিস্থিতির কারণে আজ এখানে পালন করতে হলো। ভবিষ্যতে তাঁরা দিনটি দলের প্রধান কার্যালয়েই পালন করতে চান। থিন আরও বলেন, এনএলডি এখনো টিকে আছে। সরকারিভাবে কাজ করার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত তারা টিকে থাকতে চায়। এই রাজনৈতিক উৎসাহ নিয়েই তাঁরা ভবিষ্যতে কাজ করে যেতে চান। এএফপি।