ছুটি নেন না মনমোহন
শুরু থেকেই ভালো মানুষ বলে ভাবমূর্তি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তিনি যে দারুণ কাজপাগল, এ তথ্যও অনেকের জানা। সম্প্রতি জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত এক দিনও ছুটি নেননি তিনি।চলতি সপ্তাহে সমসাময়িক ঘটনাবলির সাময়িকী দ্য ক্যারাভান-এ প্রকাশিত তাঁর একটি জীবন ও কর্মকাণ্ডবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।১২ হাজার শব্দের ওই নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে এক দিনও ছুটি কাটাননি মনমোহন।মনমোহন সিংয়ের সাবেক গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বড়ুর মতে, আরাম-আয়েশের প্রতি তেমন আগ্রহ নেই এক সময়ের অর্থনীতির অধ্যাপক মনমোহনের।গোয়ায় দিনব্যাপী একটি সফরের কথা স্মরণ করে সঞ্জয় বড়ু বলেন, ‘আমি তাঁকে (মনমোহন) বললাম যে, স্যার, কাল তো রোববার, সাপ্তাহিক ছুটি, শনিবারের রাতটা আমরা এখানে থেকে রোববার দিনটা সৈকতে কাটিয়ে সন্ধ্যায় ফিরে যেতে পারি। এতে আপনার কর্মদিবস নষ্ট হবে না।’সঞ্জয় বড়ু বলেন, ‘জবাবে তিনি আমাকে কী বললেন, জানেন? তাঁর উত্তর ছিল, এখানে থেকে আমি কী করব? একমাত্র মনমোহন সিংই বলতে পারেন, গোয়ার মতো প্রসিদ্ধ জায়গায় থেকে তিনি কী করবেন।’মনমোহনের মেয়ে দামান সিং বলেন, তাঁর যত দূর মনে পড়ে, গত ৪০ বছরে বাবা তাঁদের সঙ্গে একবারই ছুটি কাটিয়েছেন। তিন দিনের ভ্রমণে তাঁরা গিয়েছিলেন নৈনিতালে।প্রতিবেদনে বলা হয়েছে, ৭৯ বছরের মনমোহন এখনো পুরোনো অনাড়ম্বর জীবনযাপন করেন। শৌখিন রেস্তোরাঁ, দামি হোটেল বা গাড়ি তিনি এড়িয়ে চলেন। এএফপি।