ছুটিতে বই কিনছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাসাচুসেটসের মার্থাস ভিনইয়ার্ড দ্বীপে ১০ দিনের ছুটি কাটাতে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর ছুটির প্রথম দিনটি কাটিয়েছেন বই কিনে ও গলফ খেলে।দিনটির প্রথমেই প্রেসিডেন্ট ওবামা সন্ত্রাসবিরোধী শীর্ষ পরামর্শক জন ব্রেনানের কাছ থেকে জাতীয় নিরাপত্তা বিষয়ে দৈনিক ব্রিফিং শোনেন। এরপর মেয়ে মালিয়া (১২) ও সাশাকে (৯) নিয়ে মোটর শোভাযাত্রা করে চলে যান ভিনইয়ার্ড হ্যাভেনের ‘বাঞ্চ অব গ্রেপস’ নামের বইয়ের দোকানে। বইয়ের দোকানি প্রেসিডেন্ট ওবামাকে বাজারে আসার আগেই জোনাথন ফ্রানজেনের লেখা বই ফ্রিডম উপহার দেন। বাঞ্চ অব গ্রেপসকে প্রায়ই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় স্বাধীন বইয়ের দোকান হিসেবে অভিহিত করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন এই দ্বীপে ছুটি কাটাতে আসতেন, তিনিও এই দোকান থেকে বই নিতেন।বইয়ের দোকানটি শহরের প্রধান সড়কে অবস্থিত হলেও প্রেসিডেন্টের আগমন উপলক্ষে তা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার অংশ হিসেবে বইয়ের দোকানের চারদিকের রাস্তা হলুদ টেপ দিয়ে আটকে দেয় পুলিশ। প্রেসিডেন্ট ও তাঁর দুই মেয়েকে একনজর দেখতে শতাধিক লোক ওই টেপের পেছনে ভিড় জমায়। কেনাকাটা শেষে প্রেসিডেন্ট ওবামা বইয়ের দোকান থেকে বাদামি রঙের কাগজের দুটি থলে নিয়ে বের হন। ওবামা নিজের জন্য কেনেন পল হার্ডিংয়ের টিংকার্স, ব্রাড লেইথুজারের এ ফিউ কারেকশন। মেয়েদের জন্য কেনেন হারপার লির টু কিল এ মকিংবার্ড ও জন স্টেইনবেকের দ্য রেড পনি দুই। বইটির দোকানের কোষাধ্যক্ষ এ কথা জানিয়েছেন। এপি ও পিটিআই।