
হাউস অব কমন্সের অধিবেশন চলার সময় ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ছুরি হাতে পুলিশের ওপর চড়াও হওয়া এক ব্যক্তি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হয়েছেন। এ ঘটনার পর গাড়িচাপা দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে এক নারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বুধবার এ ঘটনার পর পুরো পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ওই ঘটনার পরে ওয়েস্ট মিনস্টার ব্রিজের কাছে এক নারীর মৃত্যু হয়েছে। ওই আততায়ীর হামলায় পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার আগেই এই হামলাকারী ছুরি হাতে কয়েকজনকে ওপর চড়াও হন। এতে কয়েকজন আহত হয়েছেন।
হাসপাতালে আনা আহত এক নারী মারা গেছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

একজন চিকিৎসকের উদ্ধৃতি ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালে আনা আহত এক নারী মারা গেছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পর আহত কয়েকজনকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। ওই হাসপাতালের চিকিৎসক কলিন অ্যানডারসন বলেন, একজন পুলিশ অফিসার মাথায় আঘাত পেয়ে এখানে ভর্তি হয়েছেন। তাঁকে কিং কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, ছুরি নিয়ে পুলিশের ওপর হামলাকারী ওই ব্যক্তিকে গুলি করেছে পুলিশ।

রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন, ওয়েস্টমিনস্টার ব্রিজের আশে পাশে তিনি অন্তত ১২ জনকে আহত অবস্থায় দেখেছেন। হাউস অব কমন্সের নেতা রয়টার্সকে জানিয়েছেন তিনি প্রচণ্ড আওয়াজ শুনেছেন।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ছুরি হাতে এক ব্যক্তিকে পার্লামেন্ট ভবনের দিকে দৌড়াতে দেখা গেছে। পার্লামেন্ট সদস্য এবং সাংবাদিকেরা টুইটারে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

দেশটির পার্লামেন্টের এক কর্মকর্তা জানান, পার্লামেন্টের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ কারণে পার্লামেন্ট ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। হাউস কমন্সের অধিবেশন স্থগিত করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ কার্যালয়ে থাকতে বলা হয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হামলার এক বছরের মাথায় যুক্তরাজ্যর পার্লামেন্টের বাইরে এমন ঘটনা ঘটল।
