ছেঁড়া সোয়েটারপরা একজন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল।
অরবিন্দ কেজরিওয়াল।

কুঁচকানো সোয়েটারের ফুটো দিয়ে গায়ের জামার একটা অংশ উঁকি দিচ্ছে। পায়ের স্যান্ডেল জোড়া ধুলোবালি আর তেলচিটে দাগে মলিন। চেহারা থেকে তকতকে স্নেহজাতীয় লাবণ্য আভিজাত্যের ছটায় ঝরে পড়ছে না। কিন্তু এ নিয়ে প্রথাগত রাজনীতিকদের মতো তাঁর মধ্যে কোনো অস্বস্তি তো নেই-ই; বরং সাধারণ জনতার একজন হিসেবে এই পোশাক ও চেহারায় তিনি স্পষ্টতই গর্ববোধ করেন।
অসম্ভব ব্যক্তিত্ববান এ মানুষটি হলেন দিল্লির সদ্য সাবেক হওয়া মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল মঙ্গলবার সাক্ষাত্কারভিত্তিক এক প্রতিবেদনে তাঁকে এভাবেই চিত্রিত করেছে বিবিসি। ওই সাক্ষাত্কারে ভারতের রাজনীতির বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন এএপির প্রধান।
বিবিসির অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত বছর নির্বাচনী প্রক্রিয়ায় আত্মপ্রকাশের পর কেজরিওয়ালের সাদামাটা পোশাক এএপির দুর্নীতিবিরোধী প্রচারকে অনেক দূর এগিয়ে নিয়েছে। এর মধ্য দিয়ে কেজরিওয়াল সব সময় দুর্নীতিগ্রস্ত পুরোনো ধারার রাজনীতিক ও বিত্তশালীদের থেকে নিজেকে পৃথক করে নিখুঁত হওয়ার চেষ্টা করেছেন।
সাক্ষাত্কারে নিজস্ব এ ধরনের বাস্তব উপযোগিতাকে কথার মাধ্যমে প্রমাণের চেষ্টা করেছেন এএপির প্রধান। তিনি বলেন, পুরোনো প্রতিষ্ঠিত দলগুলো গুটিকতক কোটিপতির সঙ্গে মিলে ভারতে মুষ্টিমেয়র শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। তাঁর মতে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কিংবা রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে, তবে এতে ভারতের রাজনীতিতে কোনো পরিবর্তন সূচিত হবে না।

দুর্নীতি শুধু শহরের সমস্যা কি না—এমন প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন, ভারতের সব সমস্যার মূলে এই দুর্নীতি। দুর্নীতির কারণেই গ্রামের লোকজনকে চাকরি পেতে বেগ পেতে হচ্ছে। একই কারণে অনেক কৃষক আত্মহত্যা করছেন। তিনি বলেন, দুর্নীতি রোধ করতে না পারলে ভারতের রাষ্ট্রব্যবস্থা টিকে থাকবে না।
কেজরিওয়াল বলেন, দুর্নীতিবাজ রাজনীতিকেরা পুনঃপুন সাম্প্রদায়িক সংঘাতের বীজ বোনেন। তিনি বলেন, ‘ভারতের প্রথম শ্রেণীর নাগরিকদের তৃতীয় শ্রেণীর শাসনব্যবস্থার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।’ তাঁর মতে, অল্পকিছু ভারতীয় উন্নতি করছেন।
এএপির প্রধান বলেন, ‘আপনি আমেরিকা কিংবা লন্ডনে গেলে দেখবেন ভারতীয়রা উন্নতি করছে।’ এটা অনেকটা বিজেপির ২০০৩ সালে ‘ভারত আগাচ্ছে’ প্রচারণার সঙ্গে মিলে যায়। তিনি বলেন, ‘তবে আমি চাই ব্যবস্থার পরিবর্তন, যাতে ভারতের সবার অবস্থার পরিবর্তন হয়।’
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী দাবি করেন, ফোনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘুষ নেওয়ার বিষয়টি রেকর্ড করতে জনগণকে তাগিদ দিয়ে তাঁর স্বলমেয়াদের সরকার কার্যকরভাবে দুর্নীতি কমিয়েছে। জাতীয় পর্যায়ে তাঁর উন্নয়নভাবনা একটু অস্পষ্ট। কারণ তিনি প্রধানমন্ত্রী হতে চান না। তবে নিজেকে একজন ‘নৈরাজ্যবাদী’ ঘোষণা দিয়ে দেশের ‘প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে নাড়া দেওয়ার’ চেষ্টা করছেন বলে জানান তিনি।
কেজরিওয়ালের উল্লিখিত মন্তব্য তাঁর সমর্থক ও সমালোচকদের মধ্যে আবার বিতর্ক তুলবে বলে ধরে নেওয়া যায়। তবে কংগ্রেস ও বিজেপিকে লক্ষ্য করে নিয়মিত ছোঁড়া গোলায় নিশ্চিতভাবেই দল দুটি তাঁর উত্থানে যে কম্পিত, তা নিশ্চিত করেই বলা যায়।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনা আগারওয়াল বলেন, ‘এটি (এএপি) এমন এক গেরিলা বাহিনী, যা একই সঙ্গে দুটি সেনাদলকে অতর্কিত আক্রমণ করছে।’
কেজরিওয়ালের সোয়েটারের ফুটোও কিন্তু তা-ই প্রমাণ করে। কারণ প্রথাগত পরিপাটি সাহেবি রাজনৈতিক ভাবাদর্শের শিবিরে ইতিমধ্যেই হানা দিয়েছে কেজরিওয়ালের এই ছেঁড়া-ফাড়া সোয়েটার।