ছেলে যা সঠিক মনে করেছে, তাই করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের বাবা লন স্নোডেন বলেছেন, তাঁর ছেলে ‘যা ঠিক মনে করেছে, তাই করেছে।’এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বলেছেন, স্নোডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি হোক, তা তিনি চান না।স্নোডেন গতকাল শুক্রবারও রাশিয়ার শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করেন। গত বৃহস্পতিবার রুশ গণমাধ্যম জানিয়েছিল, স্নোডেনকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দিয়েছে রাশিয়া। কিন্তু গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত কাগজপত্র স্নোডেনের হাতে পৌঁছার খবর পাওয়া যায়নি।মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল স্নোডেনের বাবা লন স্নোডেন বলেন, ‘আজ হোক বা ১০০ বছর পরে হোক—আমি মনে করি, স্নোডেন যা করেছে, তাতে সে স্বস্তি বোধ করছে। যা ঠিক মনে করেছে, তাই করেছে সে। সত্যি ঘটনা মার্কিন জনগণকে জানিয়ে দিয়েছে।’ লন স্নোডেন জানান, ছেলের সঙ্গে তাঁর সরাসরি কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তে যাঁরা স্নোডেনকে সহায়তা দিচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। লন স্নোডেন আরও বলেন, গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকস যদি তাঁর ছেলেকে সহায়তা দিয়ে থাকে, তাহলে তার প্রতিও তিনি কৃতজ্ঞ।প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের জানান, স্নোডেনের বিষয়ে আগের অবস্থানেই আছেন প্রেসিডেন্ট পুতিন। স্নোডেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়ুক, তা তিনি চান না।পেসকভ আরও জানান, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। তারা স্নোডেনের বিষয়ে কথাবার্তাও বলেছে। তবে ক্রেমলিন এই যোগাযোগের সঙ্গে সম্পৃক্ত নয়।মার্কিন জনগণের ওপর গোপন নজরদারির তথ্য ফাঁস করায় স্নোডেনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। মামলার আগেই ২০ মে যুক্তরাষ্ট্র ছেড়ে হংকং যান স্নোডেন। গত ২৩ জুন হংকং ছেড়ে শেরেমেতিয়েভো বিমানবন্দরে পৌঁছান তিনি। এএফপি ও রয়টার্স।