ছেলে-সাবেক স্ত্রীসহ ১২ জনকে হত্যার পর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে নববর্ষ উদযাপনের সময় অস্ত্রধারী এক ব্যক্তি তাঁর ছেলে ও সাবেক স্ত্রী এবং আরও ১০ জনকে হত্যার পর আত্মহত্যা করেছেন। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ব্রাজিলের পুলিশ জানিয়েছে, কয়েকটি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ব্যক্তি সাও পাওলো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ক্যামপিনাসে একটি বাড়িতে ঢুকে হামলা চালান। পরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার দিবাগত মধ্যরাতের একটু আগে।

পুলিশ আরও জানায়, প্রতিবেশীরা ওই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে তাঁরা সেটিকে আতশবাজির শব্দ বলে মনে করেন। পরে আহত এক ব্যক্তি পালিয়ে পাশের একটি বাড়িতে গিয়ে সাহায্য চাইলে তারা সতর্ক হন।

ক্রিস্টিয়ানো মাচাদো নামের এক প্রতিবেশী বলেন, ‘আমরা যখন গেট খুলে আতশবাজি ও নববর্ষ উদযাপন দেখতে রাস্তায় নামার প্রস্তুতি নেই, তখন আহত এক ব্যক্তি বাড়ির আঙিনায় এসে সাহায্য চান।’