ছেলে হলেও শিশুটি বেড়ে উঠবে মেয়ে হয়ে
উভয় লিঙ্গের বৈশিষ্ট্য থাকা পাঁচ বছর বয়সী অস্ট্রেলিয়ার এক শিশু জেনেটিকভাবে ছেলে হয়ে জন্ম নিলেও অস্ত্রোপচারের মাধ্যমে সে মেয়ে হয়ে বেড়ে উঠবে। দেশটির একটি পারিবারিক আদালত ওই অস্ত্রোপচারের অনুমতি দিয়েছেন।
ওই আদালত-সংশ্লিষ্ট নথিতে দেখা গেছে, পাঁচ বছর বয়সী কার্লা নামের ওই শিশুটিকে মেয়ে বলে শনাক্ত করা হলেও তার কোনো নারী-জননাঙ্গ নেই। এ পরিপ্রেক্ষিতে কার্লার মা-বাবার অনুরোধে শিশুটির শরীর থেকে পুরুষ-জননাঙ্গ (অণ্ডকোষ) অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের অনুমতি দেন আদালত।
ক্রোমোজোম, প্রজনন অঙ্গ এবং জননাঙ্গে নারী ও পুরুষের সমন্বিত বৈশিষ্ট্য থাকলে উভয় লিঙ্গ বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যার ক্রোমোজোম, প্রজনন অঙ্গ এবং জননাঙ্গ এককভাবে নারীর বৈশিষ্ট্য নেই আবার এককভাবে পুরুষের বৈশিষ্ট্যও নেই; বরং উভয় লিঙ্গের সমন্বয় রয়েছে—সেই ব্যক্তির ক্ষেত্রে উভয় লিঙ্গ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।
উভয় লিঙ্গের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া শিশু কার্লার বয়স পাঁচ হওয়ার পর লৈঙ্গিক বৈশিষ্ট্য স্পষ্ট করতে চান তার মা-বাবা। এ জন্য আদালত থেকে জটিল এবং অপরিবর্তনীয় ওই অস্ত্রোপচারের অনুমোদন চান তাঁরা।
শুনানি চলাকালে পারিবারিক আদালত জানতে পারেন, শিশুটি দৃশ্যত নারী বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। জন্মের পর থেকে সে নারীসুলভ আচরণ করতে থাকে। সে কখনো পুরুষ বলে বিবেচিত হতে চায় না। সে সব সময়ই মেয়েশিশুদের খেলনা ও পোশাককে অগ্রাধিকার দেয়। তার কর্মকাণ্ডও নারীসুলভ।
আদালতের নথিতে দেখা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, অস্ত্রোপচারের মাধ্যমে কার্লার শরীরে টিউমার তৈরির ঝুঁকি অপসারণ করা সম্ভব। তবে ভবিষ্যতে তার প্রজননক্ষমতা থাকবে, এর কোনো নিশ্চয়তা নেই। আর এই অস্ত্রোপচার বয়ঃসন্ধির আগে করা উচিত।
আদালত আদেশে বলেন, অস্ত্রোপচারের জন্য শিশুটির মা-বাবার আদালতের অনুমোদনের প্রয়োজন নেই। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, ওই রায় গত জানুয়ারিতে দেওয়া হলেও জনসম্মুখে তা প্রকাশ করা হয়নি।
‘লৈঙ্গিক পরিচয় একটি জটিল বিষয়’ উল্লেখ করে উভয় লিঙ্গের সপক্ষে প্রচারণা চালানো ব্যক্তিরা অপরিবর্তনীয় ওই অস্ত্রোপচারের নৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করেছেন। মর্গান কারপেন্টার নামের এক আইনজীবী বিবিসিকে বলেন, ‘বড় হওয়ার পর পরিচয় কী হবে—সে ব্যাপারে শিশুদেরই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। সুনির্দিষ্ট লিঙ্গ নির্ধারণ করাটা অবশ্যই সঠিক—তবে তা অস্ত্রোপচারের মাধ্যমে জোর করে নয়।’