ছেলেকে বরখাস্ত করলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের হিসাব দাখিল না করায় লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ তাঁর ছেলেকে গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। লাইবেরিয়ার দুর্নীতি দমন বিভাগ প্রেসিডেন্টের ছেলে চার্লস সারলিফসহ অনেক দায়িত্বশীল কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছিল। তা দাখিল না করায় ছেলে চার্লস সারলিফসহ ৪৬ জন কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সারলিফ।নোবেলজয়ী সারলিফের বিরুদ্ধে সমালোচকেরা স্বজনপ্রীতির অভিযোগ করে আসছেন। এর সত্যতাও আছে। গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর তিন ছেলেকে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ পদে বসান। প্রেসিডেন্ট সারলিফ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হিসেবে তাঁর এক ছেলে ফুমবাকে, জ্যেষ্ঠ উপদেষ্টা ও রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তেল কোম্পানির চেয়ারম্যান হিসেবে আরেক ছেলে রবার্টকে এবং কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চার্লসকে নিয়োগ দেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট সারলিফের কার্যালয় থেকে বলা হয়, দুর্নীতি দমন বিভাগে সম্পদের বিবরণী জমা না দেওয়া পর্যন্ত এই বরখাস্তের আদেশ বহাল থাকবে।লাইবেরিয়ায় ১৪ বছরের সংঘাতের অবসানের পর ২০০৫ সালে এলেন জনসন সারলিফ ক্ষমতা গ্রহণ করেন। তখন থেকে তিনি দুর্নীতি মোকাবিলা ও সুশাসনের আশ্বাস দিয়ে আসছেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগে গত বছর তিনি নোবেল পুরস্কার পান।খনিজ সম্পদে সমৃদ্ধ দরিদ্র দেশ লাইবেরিয়ার উন্নয়নে দুর্নীতি এখনো বড় প্রতিবন্ধক বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিবিসি।