ছেলেবেলা ফিরে পেতে চান বৃদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৈশবে অন্য এক শিশুর সঙ্গে বদল হয়ে গিয়েছিলেন বলে ৬০ বছরের এক বৃদ্ধ মামলা ঠুকেছেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ছবি: ফাইল
শৈশবে অন্য এক শিশুর সঙ্গে বদল হয়ে গিয়েছিলেন বলে ৬০ বছরের এক বৃদ্ধ মামলা ঠুকেছেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ছবি: ফাইল

কোনো চলচ্চিত্রের কাহিনি নয়, সত্যি। জন্মের পরই হাসপাতাল কর্তৃপক্ষের ভুলে পরিবার বদল হয়ে যাওয়ার পর এক জাপানি ৬০ বছর পর নিজ পরিবারকে খুঁজে পেয়েছেন। এখন তিনি হাসপাতালের কাছে শৈশব ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের ভুলের জন্য ওই ব্যক্তিকে দরিদ্র জীবন কাটাতে হয়েছে। তিনি হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন। এ সপ্তাহে মামলায় জয়লাভ করার পর তিনি বলেছেন, ঘড়ির কাঁটা ঘুরিয়ে তিনি আবার ছেলেবেলায় ফিরে যেতে চান।
টোকিও শহর আদালত ১৯৫৩ সালে ১৩ মিনিট পরে জন্মানো একটি শিশুর সঙ্গে তাঁকে অদলবদল করে দেওয়ার দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন কোটি ৮০ লাখ জাপানি ইয়েন জরিমানা করেছেন।
গতকাল বুধবার টোকিওর এক সংবাদ সম্মেলনে ওই ব্যক্তি বলেন, সত্য জানার পর তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, ‘আমি চাই হাসপাতাল কর্তৃপক্ষ ঘড়ির কাঁটা ঘুরিয়ে আমাকে জন্মের দিনটিতে নিয়ে যাক।’
হাসপাতালে বদলে যাওয়ার এ ঘটনায় তাঁকে দরিদ্র জীবন কাটাতে হয়েছে। তিনি এখন ট্রাক ড্রাইভার। অথচ তাঁর আসল পরিবারের বাকি তিন ভাই আয়েশি জীবন কাটাচ্ছেন।
অন্যদিকে তিনি তাঁর পালক মায়ের বাড়িতে দুঃখকষ্টের মধ্যে বড় হয়েছেন। ছেলেবেলায় তাঁর বাবাও বেঁচে ছিলেন না। তিনি নৈশ স্কুলে পড়ালেখা করেছেন এবং দিনের বেলায় কারখানায় কাজ করেছেন। এক কক্ষের বাড়িতে বিলাসিতা বলতে তাঁর ছিল মাত্র একটি রেডিও।
দীর্ঘদিনের ভুল ঘটনার সত্যতা প্রকাশিত হয়, যখন ওই ব্যক্তির ধনী ছোট তিন ভাই তাঁর ডিএনএ পরীক্ষা করান। তাঁদের বাবা-মা মারা যাওয়ার পর তাঁরা তাঁদের বড় ভাইয়ের সন্ধান শুরু করেন। তাঁরা জানতেন না তিনি দেখতে কেমন। তাই গত বছর হাসপাতালের নথিপত্র ঘেঁটে তাঁরা আসল ভাইকে শনাক্ত করেন।
তাঁরা চার ভাই এখন তাঁদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। কিন্তু আসল বাবা-মাকে দেখতে না পারার জন্য তিনি প্রতিদিনই কাঁদছেন। তিনি বলেন, ‘আমি আমার আসল বাবা-মায়ের ছবি দেখেছি। আমি যদি তাঁদের বেঁচে থাকার সময় দেখতে পেতাম! তাঁদের ছবি দেখার পর থেকে আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না।’ তিনি এখন তাঁর বাকি তিন ভাইকে নিয়ে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে চাইছেন।