ছেলের চুলের ছাঁট বাবাকে পদত্যাগ করাল

শিশুটি নতুন এক ধাঁচে এমনভাবে চুল ছাঁটাল, স্কুল কর্তৃপক্ষের কাছে তা মোটেও ভালো ঠেকেনি। তাকে দেখে অন্য শিক্ষার্থীরাও এভাবে চুল কাটাতে উৎসাহী হতে পারে, এই ভেবে বাড়িতে ফেরত পাঠানো হলো তাকে। শিশুর বাবা তো চিন্তায় অস্থির। অবশেষে সন্তানের দেখভাল করতে চাকরিটাই বাদ দিয়ে দিলেন।
সম্প্রতি উত্তর-পশ্চিম লন্ডনের উইলসডেনে এ ঘটনা ঘটে।
পিটিআইয়ের খবরে জানানো হয়, ম্যাকেঞ্জি ওয়েলেসডেনের সেন্ট মেরি কফি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ক্রেইগ ইমানুয়েল ও লুসি দম্পতির সন্তান।
ক্রেইগ ইমানুয়েল বলেন, ‘স্কুল থেকে আমাদের ডেকে পাঠানো হয়। ম্যাকেঞ্জির চুলের ছাঁট “যথাযথ” না হওয়ায় স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ বলেছে, ওই চুলের ছাঁটের কারণে স্কুলের “অন্য শিশুরা বিভ্রান্ত” হতে পারে। তাই চুল ঠিকমতো বেড়ে না ওঠা পর্যন্ত ক্লাসে পাঠানো যাবে না।’
স্কুল কর্তৃপক্ষ বলছে, ম্যাকেঞ্জিকে তারা বের করে দেয়নি। এ সমস্যা সমাধানে তারা ম্যাকেঞ্জির মা-বাবার সঙ্গে কাজ করবে।
ইমানুয়েল মুজি নামের জাপানের একটি স্টেশনারি ফার্মে কাজ করেন। ছেলের দেখাশোনার জন্য তিনি ওই প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না বলে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। ইমানুয়েল বলেন, এটা অবশ্যই ঠিক নয়। তিনি তাঁর প্রতিষ্ঠানে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘ওই প্রতিষ্ঠানে আমি অস্থায়ী ছিলাম। ৩১ ডিসেম্বর পর্যন্ত আমার কাজের জন্য চুক্তি ছিল। আমি ভেবেছি, এটা কোম্পানির জন্য ভালো। কারণ এ সময়ে তারা অন্য কাউকে কাজে নিতে পারবে।’