ছেলের মান ভাঙাতে জারদারি দুবাইয়ে!
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন। ছেলে বিলাওয়াল ভুট্টো দেশ ত্যাগ করে দুবাইয়ে যাওয়ার চার দিনের মাথায় তিনিও সেখানে গেলেন। এ নিয়ে পাকিস্তানের গণমাধ্যমে নানা গুঞ্জন চলছে।পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ২৬ মার্চ দেশ ত্যাগ করে দুবাইয়ে চলে যান। তখন দেশটির গণমাধ্যমে খবর বেরোয়, দল পরিচালনা নিয়ে ভুট্টো পরিবারের ভেতরে মতপার্থক্য চলছে।ছেলে বিলাওয়ালের মান ভাঙিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতেই জারদারি দুবাইয়ে গেছেন বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।তবে প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর জানান, জারদারি ব্যক্তিগত সফরে দুবাইয়ে গেছেন। দেশে ফিরে আসতে বিলাওয়ালকে রাজি করাতে তিনি দুবাইয়ে গেছেন বলে যে খবর বেরিয়েছে, তার কোনো সত্যতা নেই বলে দাবি করে মুখপাত্র বাবর বলেন, ‘দুবাইয়ে যাওয়া প্রেসিডেন্ট জারদারির জন্য নিয়মিত বিষয়। আপনারা এটা জানেন।’প্রেসিডেন্ট দুই দিনের মধ্যে ফিরে আসবেন বলে জানান মুখপাত্র বাবর। এ ছাড়া আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান নিয়ে বাবা জারদারি ও ফুফু ফারিয়াল তালপুরের সঙ্গে মতবিরোধের কারণে বিলাওয়াল দেশ ত্যাগ করেছেন বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন তিনি।এক প্রশ্নের জবাবে মুখপাত্র বাবর বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ এপ্রিল গারহি খুদাবক্স এলাকায় দলীয় যে জনসভার আয়োজন করা হয়েছে, তাতে জারদারি অংশ নেবেন কি না, সে বিষয়ে তিনি জানেন না।একই সঙ্গে প্রেসিডেন্টের দপ্তর ও দলীয় প্রধানের দায়িত্বে থাকাসংক্রান্ত লাহোর হাইকোর্টের একটি আদেশের কারণে জারদারি বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখছেন। এতে দলীয় সভাগুলোতে এখন সভাপতিত্ব করার দায়িত্ব অর্পিত হয়েছে চেয়ারম্যানের ওপর।পিপিপি এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ৪ এপ্রিলের জনসভার মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। জুলফিকার আলী ভুট্টো ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যু ও জন্মবার্ষিকীতে দলটি প্রথাগতভাবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের আয়োজন করে থাকে। তাই এবার ৪ এপ্রিলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানের রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাঁদের বিশ্বাস, ওই দিনের কর্মকাণ্ডের মাধ্যমে হয় ভুট্টো পরিবারের মধ্যে মতপার্থক্যের যে গুজব চলছে, তা সত্য বলে প্রমাণিত হবে, না হয় এসব গুজবের যবনিকাপাত ঘটবে।যদিও পিপিপির নেতৃত্ব এসব গুজবকে প্রথম থেকেই নাকচ করে আসছেন, তাঁদের বক্তব্য এ পর্যন্ত গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। ডন।