ছেলের সঙ্গে দেখা করতে মস্কোয় লন স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন স্নোডেন
লন স্নোডেন

মার্কিন গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত এডওয়ার্ড স্নোডেনের বাবা লন স্নোডেন ছেলের সঙ্গে দেখা করতে রাশিয়া গেছেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন গত আগস্ট থেকে রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায় আছেন।
গতকাল বৃহস্পতিবার মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের লন স্নোডেন বলেন, ‘ছেলের খোঁজখবর ভালো করে জানতেই আমি এখানে এসেছি। আশা করছি, এডওয়ার্ডের সঙ্গে আমার দেখা হবে এবং ওর শারীরিক অবস্থা ও আইনগত পরিস্থিতি নিয়ে বিশদভাবে জানতে পারব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লন বলেন, ‘ছেলে যুক্তরাষ্ট্রে ফিরবে কি না, তা জানি না। সে সিদ্ধান্ত ও নেবে। সে এখন প্রাপ্তবয়স্ক।’
এডওয়ার্ড স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনাও বলেছেন, লন স্নোডেন তাঁর ছেলের সঙ্গে দেখা করতেই রাশিয়া এসেছেন।
নিজ দেশের জনগণসহ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কর্মসূচির কথা ফাঁস করায় এডওয়ার্ড স্নোডেনের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। নজরদারি কর্মসূচির কথা ফাঁস করার আগে যুক্তরাষ্ট্র ছেড়ে হংকং যান তিনি। পরে সেখান থেকে রাশিয়া যান। কিন্তু যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ায় মস্কো পৌঁছে শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় কয়েক সপ্তাহ অবস্থান করতে হয় তাঁকে। এরপর এডওয়ার্ড স্নোডেনের আবেদনের পর গত আগস্টে তাঁকে রাজনৈতিক আশ্রয় দেয় রাশিয়া। স্নোডেনকে আশ্রয় দেওয়ায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। এর জের ধরেই ইতিমধ্যে গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠক বাতিল হয়ে যায়। বিবিসি।