ছেলেরা উত্ত্যক্ত করায় ভয়ে স্কুলে যাচ্ছে না জাপানি রাজকুমারী
ছেলেরা উত্ত্যক্ত করায় ভয় পেয়ে কয়েক দিন ধরে স্কুলে যাচ্ছে না জাপানের রাজকুমারী আইকো। রাজপরিবারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।ইসেই নোমুরা নামের ওই মুখপাত্র জানান, গত মঙ্গলবার স্কুল থেকে আগেভাগে ফিরে আসে আইকো (৮)। এরপর সে জানায়, তার পেটব্যথা করছে। এর পর থেকে সে স্কুলে যাচ্ছে না। অন্য শ্রেণীর ছেলেদের উত্ত্যক্ত করার বিষয়টি পরে স্কুল থেকে জানা যায়। স্কুল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার রাজকুমারী আইকো ও আরও কয়েকজন ছাত্রীকে অন্য শ্রেণীর ছেলেরা ভীষণ ভয় দেখায় এবং তাদের উত্ত্যক্ত করে।এ ব্যাপারে এর বেশি কিছু জানা যায়নি।জাপানের সম্রাট আকিহিতোর বড় ছেলে যুবরাজ নারুহিতো ও তাঁর স্ত্রী মাসাকোর মেয়ে আইকো। সে টোকিওর গাকুসুইন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আইকোকে উত্ত্যক্ত করা সম্পর্কে বিস্তারিত জানাতে রাজপরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। বিবিসি।