ভুল চিকিৎসা ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে কলকাতার বেসরকারি এএমআরআই হাসপাতাল (আমরি) এবং তিন চিকিৎসককে গতকাল বৃহস্পতিবার পাঁচ কোটি ৯৬ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এর মধ্যে তিন চিকিৎসককে দিতে হবে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ।
যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় চিকিৎসক দম্পতি কুনাল সাহা ও অনুরাধা সাহা ১৯৯৮ সালে ছুটি কাটাতে কলকাতায় আসেন। এ সময় অনুরাধা সাহা টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিস নামের এক বিরল রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন আমরি হাসপাতালে। তাঁর চিকিৎসা করেন ওই হাসপাতালের তিন চিকিৎসক। চিকিৎসায় কোনো কাজ না হলে কুনাল সাহা স্ত্রীকে নিয়ে মুম্বাই যান। সেখানেই অনুরাধা সাহা মারা যান।
এরপর কুনাল সাহা ভুল চিকিৎসা এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মামলা করেন আদালতে। সেই মামলা শেষ পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্টে। গতকাল হয় এর রায়। কুনাল সাহা আদালতের এই রায়ে খুশি। ভারতে এ রায়টি নজির হিসেবে কাজ করবে বলে অনেকে মনে করছেন।