ছয় ঘণ্টায় মহাকাশকেন্দ্রে নভোযান
ছয় ঘণ্টার কম সময়ের ব্যবধানে সয়ুজের একটি মহাকাশযান গতকাল শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছাতে সক্ষম হয়েছে।কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রম মহাকাশকেন্দ্র থেকে সয়ুজের নভোযানটি গতকাল গ্রিনিচ মান সময় ২০.৪৩টায় যাত্রা শুরু করে এবং ছয় ঘণ্টারও কম সময়ে গন্তব্যে পৌঁছায়। এত কম সময়ে আইএসএসে পৌঁছানোর ঘটনা এটাই প্রথম। সাধারণত কোনো মহাকাশযানের আইএসএসে পৌঁছাতে দুই দিন সময় লাগে। কারণ, আইএসএসে অবতরণ করার আগে পৃথিবীকে প্রায় ৩০ বার পরিভ্রমণ করতে হয় নভোযানগুলোকে। কিন্তু এ যাত্রায় মাত্র চারবারের পরিভ্রমণ শেষেই আইএসএসে অবতরণ করতে সক্ষম হয় সয়ুজের নভোযানটি।সয়ুজের সর্বশেষ অভিযানে তিনজন নভোচারী আইএসএসে গেছেন। তাঁরা হলেন রুশ নভোচারী পাভেল ভিনোগ্রাদভ, আলেক্সান্দার মিসুরকিন ও মার্কিন নভোচারী ক্রিস ক্যাসিডি। আগামী সেপ্টেম্বরে তাঁরা পৃথিবীতে ফেরত আসবেন। তাঁদের নিয়ে বর্তমানে আইএসএসে মোট নভোচারীর সংখ্যা দাঁড়াল ছয়। বাকি তিন নভোচারী আইএসএসে যান গত ডিসেম্বরে। তাঁরা পৃথিবীতে ফেরত আসবেন আগামী মে মাসে।মূল অভিযানের আগে সংক্ষিপ্ত সময়ে আইএসএসে যাওয়ার পথটি তিনবার সফলভাবে পরীক্ষা করে নেয় রাশিয়ার প্রগেস কার্গো জাহাজ। সয়ুজের মনুষ্যবিহীন যানটি সাধারণত আইএসএসের সরবরাহকাজে ব্যবহূত হয়।মার্কিন মহাকাশ সংস্থা নাসা এক বিবৃতিতে জানিয়েছে, নভোচারীরা আগামী ছয় মাসে আইএসএসে যুক্তরাষ্ট্র পরিচালিত কর্মসূচির ওপর ১৩৭টি এবং রাশিয়া পরিচালিত ৪৪টি কর্মসূচির ওপর তদন্ত করবেন। বিবিসি ও এএফপি।