ছয় দেশের সঙ্গে মস্কোয়ইরানের আলোচনা আজ
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাঁচ পরাশক্তিসহ ছয় দেশ আজ সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় আবার দেশটির সঙ্গে আলোচনায় বসছে। ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে তেহরান পরমাণু কর্মসূচি থেকে পিছু হটতে বাধ্য হবে বলে পশ্চিমা বিশ্ব আশা করছে।গত মে মাসে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত বৈঠকে প্রভাবশালী দেশগুলো ইরানকে পরমাণু কর্মসূচি ত্যাগের জন্য চাপ দেয়। তবে তেহরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসার বিষয়ে শক্ত অবস্থান তুলে ধরে।পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের আলোচনা অব্যাহত থাকুক—এটা নিশ্চিত করাটা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, মস্কোয় পরবর্তী পদক্ষেপ গৃহীত হবে—এমনটা প্রত্যাশা করার যথেষ্ট কারণ রয়েছে।বিশ্লেষকদের ধারণা, মস্কোর পদক্ষেপ ব্যর্থ হলে আলোচনা-প্রক্রিয়া ভেস্তে যেতে পারে এবং ইরানের বিরুদ্ধে চিরশত্রু ইসরায়েলের বিমান হামলার হুমকি আরও জোরালো হবে। আর এ ধরনের পরিস্থিতিতে সীমান্ত সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যেতে পারে, যা বিশ্বের মন্দা অর্থনীতির জন্য একটা আঘাত।ইরানের বিরুদ্ধে দেওয়া পরাশক্তির অবরোধ তুলে নেওয়া এবং নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির স্বীকৃতি পাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে তেহরান। দুটি বিষয়ই পরমাণু ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এএফপি।