ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতারা ইতালিতে সর্বশেষ সম্মেলন শেষে এক ব্যতিক্রমী বিবৃতিতে বলেছেন, তাঁরা জলবায়ু পরিবর্তন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার রক্ষায় জি৭-এর বাকি ছয় দেশের সঙ্গে যুক্ত হতে পারেনি। ছয় নেতা এ জন৵ ট্রাম্পকেই দুষলেন।
বিবৃতি অনুযায়ী যুক্তরাষ্ট্র নিজেদের জলবায়ু নীতি এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে এবং প্যারিস চুক্তির ব্যাপারে দেশটি সর্বসম্মত অবস্থানে আসেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এবং ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রধানেরা প্যারিস চুক্তির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মিত্রদেশগুলোর চাপে প্রেসিডেন্ট ট্রাম্প সংরক্ষণবাদের বিরুদ্ধে লড়তে নিমরাজি হয়েছেন। তবে তিনি বৈশ্বিক জলবায়ু চুক্তি বা প্যারিস চুক্তি মানতে একেবারেই নারাজ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প আরও সময় চেয়েছেন। ইউরোপীয় কূটনীতিকেরা এতে স্পষ্ট হতাশা ব্যক্ত করেছেন। কারণ, তাঁরা আশা করেছিলেন দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়টির এবার সুরাহা হয়ে যাবে।
বৈশ্বিক উষ্ণায়নের সমস্যাটা নিয়ে প্রচারণার ব্যাপারটাকে ট্রাম্প একসময় ধাপ্পাবাজি বলে উড়িয়ে দিয়েছিলেন। টুইটারে এক বার্তায় তিনি জানিয়েছেন, ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি সমর্থন করবেন কি না সে বিষয়ে আগামী সপ্তাহেই সিদ্ধান্ত নেবেন। কার্বন নির্গমন রুখতে সম্পাদিত প্যারিস চুক্তি বাস্তবায়নের বিষয়ে জি৭ সম্মেলনে দীর্ঘ আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, জলবায়ু নিয়ে পুরো আলোচনাটাই খুব কঠিন ছিল, যদি সেটাকে খুব হতাশাজনক না বলতে হয়। প্যারিস চুক্তি মানবে কি না সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ইঙ্গিতই দেয়নি।
ট্রাম্পের এমন অবস্থানের সমালোচনা করতে জলবায়ু রক্ষা সংগঠনগুলোও দেরি করেনি। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জার্মান চ্যান্সেলরের চেয়ে বেশি আশাবাদী।