ছয় মাসে নওয়াজের ১৪৪ কোটি রুপির সম্পদ বেড়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সম্পদের পরিমাণ বেশ দ্রুতগতিতে বাড়ছে। মাত্র ছয় মাসের ব্যবধানে তাঁর প্রায় ১৪৪ কোটি রুপির সম্পদ বেড়েছে। এর মাধ্যমে বর্তমান পার্লামেন্টের গুটিকয়েক সদস্যের সঙ্গে শতকোটি রুপির সম্পদশালীর তালিকায় নাম লেখালেন তিনি। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের নির্বাচন কমিশন সম্প্রতি পার্লামেন্ট সদস্যদের ২০১২-১৩ সালের সম্পদ ও দায়দেনার প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দেখা যায়, প্রধানমন্ত্রী নওয়াজ বর্তমানে ১৭১ কোটি রুপির সম্পদের মালিক। গত মে মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২৬ কোটি ১৬ লাখ রুপির। মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজের এই সম্পদের হিসাব দিয়েছিলেন নওয়াজ।
আগে থেকেই ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত নওয়াজ বর্তমানে তাঁর দেওয়া সম্পদের হিসাবে উল্লেখ করেন, লাহোর ও শেখুপুরায় তাঁর ছয়টি কৃষিভিত্তিক সম্পত্তির মূল্যমান ১০৮ কোটি রুপি। এর মধ্যে লাহোরে একটি বাড়িও আছে। এই বাড়ির দাম ২৫ কোটি রুপি। নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজের নামে থাকা একটি বাড়ির মূল্য ১০ কোটি রুপি। কুলসুমের ঋণ রয়েছে ১৭ লাখ রুপির।
প্রধানমন্ত্রী তাঁর হিসাবে আরও উল্লেখ করেন, তিনি আব্বাস অ্যান্ড কোম্পানি নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। ১০ হাজার রুপি পুঁজি নিয়ে ওই ব্যবসা শুরু করেছিলেন তিনি। প্রতিষ্ঠানটির ওই পুঁজি অপরিবর্তিত আছে। এর ঋণ দেখানো হয়েছে ৮৪ হাজার ৪৮৫ রুপি। এ ছাড়া প্রধানমন্ত্রীর কাছে নয়টি শিল্পপ্রতিষ্ঠানের তিন কোটি ৩০ লাখ রুপি মূল্যের শেয়ার রয়েছে। এর বাইরে ছেলে হুসেইন নওয়াজের কাছ থেকে ১৯ কোটি ৭৪ লাখ রুপির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়েছেন তিনি।
নিজের গাড়ির হিসাব দিতে গিয়ে নওয়াজ বলেছেন, তাঁর দুটি মার্সিডিজ ও একটি ল্যান্ড ক্রুজার রয়েছে। এ ছাড়া স্ত্রী ও তাঁর নিজের নামে ১০টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৪০ লাখ রুপি রয়েছে। ডন।