ছয় মাসের মধ্যেই শান্তিচুক্তিতে পৌঁছাতে চান কারজাই-জারদারি
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মতৈক্যে পৌঁছেছেন। তাঁরা আগামী ছয় মাসের মধ্যেই আফগানিস্তানের জন্য একটি শান্তিপূর্ণ সমাধান ও চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন। এ লক্ষ্যে তাঁরা একসঙ্গে কাজ করবেন। গতকাল সোমবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত সংলাপে দুই নেতা এ ঘোষণা দেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মধ্যস্থতায় দক্ষিণ এশীয় দুই দেশের নেতা গতকাল সোমবার ওই শান্তি আলোচনায় বসেন। বৈঠকে দুই নেতা পাকিস্তান-আফগান সীমান্তের ওপর শান্তি প্রতিষ্ঠায় অভূতপূর্ব সহযোগিতার পরিচয় দিয়েছেন। দুই নেতার লক্ষ্য ছিল আগামী বছর আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের পর তালেবান ঠেকানোর কৌশল নির্ধারণ।আফগান প্রেসিডেন্ট শান্তি-প্রক্রিয়ায় তালেবানকে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে আফগানিস্তানের সবাই দেশটির ভবিষ্যত্ নির্মাণে সাহায্য করতে পারে।আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী জাভেদ লুদিন বলেছেন, এখন দরকার সরকার ও তালেবানের মধ্যে সরাসরি আলোচনা। এর আগে গত রোববার হামিদ কারজাই বলেন, আফগানিস্তানে অস্থিতিশীলতা ও লড়াইয়ের জন্য দায়ী বিদেশি ইন্ধন বন্ধ করতে পারলেই কেবল শান্তি-প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব হবে। গতকালের সংলাপে বিষয়টি গুরুত্ব পেয়েছে। আফগানিস্তান থেকে আগামী বছরের শেষ নাগাদ বিদেশি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার পর গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। দেশটির প্রতিবেশী পাকিস্তানেও তালেবান জঙ্গিরা তত্পর রয়েছে। তাই জঙ্গিদের দমনে দুই দেশের সহযোগিতা ও সমঝোতা প্রয়োজন। এ লক্ষ্যে উভয় দেশের নেতাদের সংলাপে আমন্ত্রণ জানান ক্যামেরন। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, আফগানিস্তানে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের সময় এসেছে। ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্পষ্ট বার্তা তালেবানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কাবুল ও নিউইয়র্কে প্রথম দুই দফায় সংলাপ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, সংলাপে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতর সহযোগিতা এবং ভবিষ্যত্ নিরাপত্তার জন্য অভিন্ন স্বার্থরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। ন্যাটো সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর দেশটির সরকারের প্রতি পাকিস্তান সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এএফপি ও বিবিসি।