ছয় রাজ্যে ৫৭ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসি থেকে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনার অবসান না ঘটিয়ে বিজেপি গতকাল শনিবার ছয় রাজ্যে ৫৭ প্রার্থীর নাম ঘোষণা করল। পশ্চিমবঙ্গ, আসাম, কর্ণাটক, কেরালা, ওডিশা ও ত্রিপুরার এই প্রার্থীদের মধ্যে চমক কিছুটা অবশ্যই রয়েছে। কিন্তু উত্তর প্রদেশ, গুজরাট ও দিল্লির যেসব ‘হেভিওয়েট’ প্রার্থীকে নিয়ে জল্পনা এখনো অব্যাহত, নরেন্দ্র মোদিসহ তাঁদের বিষয়টি চূড়ান্ত হবে ১৩ মার্চ।
দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করতে বিজেপির নেতারা গতকাল বৈঠকে বসার আগে মোদির বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দলের মধ্যে মতানৈক্যের আভাস মেলে। বলাবলি হচ্ছে, বারানসির বর্তমান এমপি প্রভাবশালী নেতা মুরলি মনোহর যোশী দলীয় প্রধান রাজনাথ সিংয়ের কাছে এ নিয়ে প্রশ্ন তোলেন। প্রসঙ্গত, বিজেপির যেসব জ্যেষ্ঠ নেতা মোদিকে প্রধানমন্ত্রী দেখতে রাজি নন, যোশী তাঁদেরই একজন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে বিনোদনজগতের মানুষজনের আধিক্য রয়েছে। গতকাল ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, বিজেপিও এদিকে পিছিয়ে নেই। এ রাজ্যের ঘোষিত প্রার্থীদের মধ্যে আছেন দুজন অভিনেতা, একজন গায়ক ও একজন সম্পাদক। রায়গঞ্জে কংগ্রেসের দীপা দাশমুন্সী, সিপিএমের মহম্মদ সেলিম এবং তৃণমূল কংগ্রেসের সত্যরঞ্জন দাশমুন্সীর বিরুদ্ধে বিজেপি দাঁড় করাল প্রবীণ অভিনেতা নিমু ভৌমিককে। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন বীরভূম কেন্দ্রে, যেখান থেকে গতবার জিতেছিলেন শতাব্দী রায়। শতাব্দী এবারও তৃণমূলের প্রার্থী। গায়ক ও অভিনেতা বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছেন আসানসোল থেকে। বিশিষ্ট সাংবাদিক, পাইওনিয়ার পত্রিকার সম্পাদক ও রাজ্যসভার সদস্য চন্দন মিত্র লড়বেন হুগলি কেন্দ্রে।
কর্ণাটকের চমক হলো সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার তাগিদে বহিষ্কৃত ইয়েদুরাপ্পাকে দলে ফিরিয়ে প্রার্থী করল বিজেপি। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল দুর্নীতির কারণে।
লালুর ঘর ভাঙছে: এদিকে পরিবারতন্ত্র ধরে রাখতে গিয়ে দলে ভাঙনের পথ খুলে দিলেন বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালুপ্রসাদ যাদব। গতকাল সকালে দলের সব পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন লালুর ২০ বছরের বিশ্বস্ত সঙ্গী রামকৃপাল যাদব। লোকসভা নির্বাচনে রামকৃপাল বিহারের পাটলিপুত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। লালু ওই আসনে তাঁর মেয়ে মিশা ভারতীকে মনোনয়ন দিয়েছেন। ক্ষুব্ধ রামকৃপালকে শান্ত করতে মিশা শুক্রবারই দিল্লি এসে তাঁর সরকারি বাসভবনে যান। কিন্তু মিশার আসার খবর পেয়ে আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান রাজ্যসভার সদস্য রামকৃপাল।