ছয়জনের বিচার হবে সামরিক আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের মাচিল এলাকায় ২০১০ সালে একটি সাজানো ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে দুই কর্মকর্তা ও চার সেনাসদস্যের বিচার হবে। সেনাবাহিনী এ নির্দেশ দিয়েছে। ওই এনকাউন্টারের জের ধরে এলাকায় দুই মাসব্যাপী বিক্ষোভ হয়েছিল।
ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের একজন মুখপাত্র বলেন, দুই কর্মকর্তা কর্নেল ডি কে পাঠানিয়া ও মেজর উপিন্দর এবং চার সেনার বিরুদ্ধে কোর্ট মার্শাল শুরু হবে। এই বিচারের মধ্য দিয়ে সেনাবাহিনীতে ন্যায়বিচারের বিষয়টি নিশ্চিত করা হবে।
মাচিল এলাকায় ২০১০ সালের এপ্রিলে কথিত এনকাউন্টারে তিনজনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা পাকিস্তানি অনুপ্রবেশকারী বলে দাবি করে সেনাবাহিনী। পরে জানা যায়, তাঁরা সবাই বারামুল্লা জেলার নাদিহাল এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, সেনাবাহিনীর লোকজন চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের সীমান্ত এলাকায় ডেকে নিয়ে যান এবং সন্ত্রাসী তকমা দিয়ে হত্যা করেন। পিটিআই ও এনডিটিভি।