জঙ্গলমহলে মাওবাদী হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সারেঙ্গার সোনারপুর ও পুকুরিয়া গ্রামে গত বুধবার মাওবাদীদের গুলিতে নিহত হন সারেঙ্গা থানার আইসি রবিলোচন মিত্র। জঙ্গলমহলে মাওবাদী দমনে তাঁকে বলা হতো ‘মাওয়িস্ট ডিকশনারি’। মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এর আগে দুজন ওসির মৃত্যু হলেও এই প্রথম একজন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাকে প্রাণ দিতে হলো। এদিন পুলিশের গুলিতে দুজন মাওবাদীরও মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।বুধবার রাতে সোনারপুর গ্রামের বাসিন্দা পঞ্চায়েত-প্রধান তারাশঙ্কর পাত্রকে মাওবাদীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। খবর পেয়েই রবিলোচন তড়িঘড়ি করে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে না দিয়ে ২০ জন স্ট্র্যাকো জওয়ানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা গিয়ে দেখেন, পঞ্চায়েত-প্রধানের কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে এক মাওবাদী। জওয়ানেরা তাত্ক্ষণিক গুলি চালান। এতে একজন মাওবাদীর মৃত্যু হয়। কিন্তু মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাওবাদীরাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। একটি গুলি এসে লাগে আইসির বুকে।