জঙ্গি খালেদ ও তাঁর সহযোগীদের বিচার নিউইয়র্কে নাও হতে পারে
জঙ্গিনেতা খালিদ শেখ মোহাম্মদ এবং তাঁর সহযোগীদের বিচার খুব সম্ভব নিউইয়র্কের আদালতে হচ্ছে না। চলমান বিতর্কের মুখে বারাক ওবামার প্রশাসনের এ সংক্রান্ত সিদ্ধান্তের পরিবর্তন ঘটছে। ফলে গুয়ানতানামো বন্দিশিবিরে আটক খালিদ শেখের বিচার মার্কিন সেনা আদালতেও সম্পন্ন হতে পারে। বিরোধীদের সমালোচনার মুখে ওবামার প্রশাসন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিমান হামলার পরিকল্পক খালিদ শেখ মোহাম্মদ। মার্কিন বাহিনীর হাতে আটকের পর এ বিষয়ে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। মার্কিন সরকারি তথ্য মতে, বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলাসহ পুরো জঙ্গি অভিযানের মূল পরিকল্পনা নিজেই করেছেন বলে স্বীকার করেছেন খালিদ শেখ। শতাব্দীর সবচেয়ে নারকীয় এ জঙ্গি হামলায় সাড়ে তিন হাজার লোকের মৃত্যু ঘটে।গত নভেম্বর মাসে মার্কিন অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেন, নিউইয়র্কের বেসামরিক আদালতেই খালিদ শেখসহ পাঁচ জঙ্গির বিচার করা হবে। এ নিয়ে পুরো যুক্তরাষ্ট্রে তুমুল বিতর্ক শুরু হয়। নিউইয়র্কের মতো নগরে এমন স্পর্শকাতর মামলার বিচারকাজ ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ বলে বিরোধীদের পক্ষে দাবি করা হয়। খালিদ শেখের বিচার করতে গিয়ে নিউইয়র্ক আবার জঙ্গি হামলার লক্ষ্য হবে বলে সমালোচনা শুরু হয়। বিষয়টি নগরের নিরাপত্তার জন্য হুমকির কারণ এবং ব্যস্ত নগরের স্বাভাবিক কাজ-কর্ম ব্যাহত হবে বলেও প্রতিবাদের ঝড় ওঠে।গত শুক্রবার অ্যাটর্নি জেনারেলসহ খোদ হোয়াইট হাউস থেকে এ বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, স্পর্শকাতর এ বিচারকাজ হোয়াইট হাউস থেকে সরাসরি তত্ত্বাবধান করা হবে। খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিচার প্রক্রিয়ার দিকে নজর রাখবেন।অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, শেষ পর্যন্ত আমরা স্বচ্ছভাবেই এ বিচারকাজ শেষ করতে চাই। বিচারের স্থান বা আদালত এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়।হোয়াইট হাউসের মুখপাত্র এবং অ্যাটর্নি জেনারেল দুজনই স্পর্শকাতর এ মামলার বিচারকাজ সেনা আদালতে সম্পন্ন করার বিষয়টি নাকচ করে দেননি।ক্ষমতা গ্রহণ করেই গুয়ানতানামো বন্দিশিবির বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিষয়টিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক বিশ্ব স্বাগত জানিয়েছিল। তবে স্বদেশে রক্ষণশীলদের প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ওবামা। নিউইয়র্কে খালিদ শেখের বিচার হবে এমন ঘোষণার পরও সমালোচনার ঝড় ওঠে। জাতীয় নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নানামুখী রাজনৈতিক চাপে পড়া প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে এ নিয়ে ইস্যু সৃষ্টি করে রক্ষণশীল মহলগুলো। শেষ পর্যন্ত তাঁদের সমালোচনার মুখেই সিদ্ধান্তে পরিবর্তন আসছে। এ অবস্থায় রক্ষণশীলদের চাপের মুখে এ বিষয়ে সিদ্ধান্তের পরিবর্তন ঘটলে মানবাধিকার সংগঠনগুলোর পাল্টা সমালোচনায় পড়তে হবে ওবামাকে।