জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হামিদ কারজাইয়ের শান্তি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শান্তি-প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির দ্বিতীয় বৃহত্তম জঙ্গিগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রেসিডেন্টের এক মুখপাত্র গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। এদিকে, জঙ্গিনেতাদের সঙ্গে কারজাইয়ের বৈঠককে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মুখপাত্র জানান, যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্ জঙ্গি সংগঠন হেজব-ই-ইসলামির একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাত্ করে একটি শান্তি প্রস্তাব পেশ করেছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ার জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী। দুই পক্ষই তাঁকে আল-কায়েদার সহযোগী এবং পাশাপাশি তালেবান নেতা হিসেবে হামলা পরিচালনার দায়ে অভিযুক্ত করেছে। গত শতাব্দীর আশির দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম বাহিনী হিসেবে হেজব-ই-ইসলামির পরিচিতি ছিল। সংগঠনটি জানিয়েছিল, আফগানিস্তানের মাটি থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহারের পরই তারা কারজাই সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে। শান্তি আলোচনার সর্বশেষ এই উদ্যোগকে কারজাইয়ের অগ্রিম ও সহজ বিজয় হিসেবে বিবেচনা করা যায়। কারজাইয়ের মুখপাত্র ওয়াহিদ ওমর বলেন, দুই দিন আগে প্রেসিডেন্ট কারজাই ও হেজব-ই-ইসলামির একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। প্রেসিডেন্ট এখন প্রস্তাবটির বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তিনি প্রতিনিধিদলকে এ ব্যাপারে কিছু জানাননি। হেজব-ই-ইসলামির মুখপাত্র হারুন জারঘুন বলেন, তাঁরা একটি ১৫ দফা শান্তি প্রস্তাব প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করেছেন। অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তিনি বলেন, ১৫ দফার একটি হলো দেশটি থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার এবং অন্তর্বর্তী সরকার গঠনের সুনির্দিষ্ট দিন-ক্ষণ নির্ধারণ করা।বিশেষজ্ঞরা বলছেন, মাত্র একটি শান্তি প্রস্তাব উপস্থাপনের মধ্য দিয়ে বড় কিছু নির্দেশ করে না। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে নিস্ক্রিয় ছিল হেজব-ই-ইসলামি। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে তালেবান সরকার উত্খাত হওয়ার পর সংগঠনটি পুনরায় সক্রিয় হয়ে ওঠে। এদিকে, জঙ্গি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টিতে গতকাল সতর্ক সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি সাংবাদিকদের বলেন, আমরা জঙ্গি নেতাদের সঙ্গে আফগান প্রেসিডেন্টের সাক্ষাতের বিষয়টিকে সমর্থন জানাই। এএফফি।