জঙ্গি তৎপরতায় জড়িত থাকার দায়ে সৌদি নারীর কারাদণ্ড
জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার দায়ে হাইলা আল-কাসের নামের এক সৌদি নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শনিবার রিয়াদের একটি বিশেষ অপরাধ আদালত তাঁকে এই দণ্ড দেন। হাইলা প্রথম সৌদি নারী, যাঁর সন্ত্রাসী তৎপরতার অভিযোগে বিচার হলো। তিনি লেডি ইন আল-কায়েদা নামে পরিচিত। কারাগার থেকে মুক্তির পর আরও ১৫ বছর তাঁর দেশ ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।সৌদি পত্রিকা আরব নিউজ জানায়, বিভিন্ন রকম সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকায় ৩৭ বছর বয়সী হাইলাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সৌদি আরবকে একটি কাফের রাষ্ট্র হিসেবে ঘোষণা, ফেরারি সন্ত্রাসীদের আশ্রয়দান, জনগণকে সন্ত্রাসী হামলায় উসকে দেওয়া, লাইসেন্সবিহীন দুটি বন্দুক নিজের কাছে রাখা এবং নিরাপত্তা কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানোর জন্য তা জঙ্গিদের সরবরাহ করার দায়ে আদালত ওই নারীকে দণ্ডিত করেন। পত্রিকাটি আরও জানায়, হাইলার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য অর্থ জোগান এবং এ জন্য অন্তত ১০ লাখ রিয়ালের তহবিল সংগ্রহ করারও অভিযোগ রয়েছে। এ অর্থ তিনি ইয়েমেনের আল-কায়েদা শাখার কাছে হস্তান্তর করেন। তাছাড়া তিনি ইয়েমেন ও আফগানিস্তানের আল-কায়েদা জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছিলেন। পিটিআই অনলাইন।