জঙ্গি দমনে রুশ বিমান এনেছে ইরাক
আল-কায়েদাসংশ্লিষ্ট সুন্নি জঙ্গিদের দমনে রাশিয়ার কাছ থেকে কেনা যুদ্ধবিমানের প্রথম চালান গতকাল শনিবার ইরাকে এসে পৌঁছেছে।
ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ায় ব্যবহূত পাঁচটি ‘সুখোই’ যুদ্ধবিমান কয়েক দিনের মধ্যে অভিযানে নামবে। এ ছাড়া রাশিয়া থেকে আরও যুদ্ধবিমান আসছে।
ইরাক ও রাশিয়ার মধ্যে ৫০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সামরিক চুক্তির আওতায় যুদ্ধবিমানগুলো কিনেছে বাগদাদ। আইএসআইএস জঙ্গিদের দমনে বিমানগুলো ব্যবহার করবে ইরাক সরকার।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, জঙ্গি বিমানগুলো এসইউ-২৫ মডেলের।
তবে রুশ বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়া এসইউ-৩০ মডেলের বিমান পাঠিয়েছে।
ইরাকে সুন্নি জঙ্গিদের একের পর এক শহর দখলের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দেশটিতে প্রায় ৩০০ জন সামরিক উপদেষ্টা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া বাগদাদের আকাশে টহল দিচ্ছে মার্কিন অস্ত্রবাহী চালকবিহীন বিমান (ড্রোন)।
পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইরাকে অবস্থানরত মার্কিন সামরিক উপদেষ্টাদের সুরক্ষা দিতে এই ড্রোন মোতায়েন করা হয়েছে।
প্রায় তিন সপ্তাহ আগে শুরু করে ইরাকের জঙ্গিরা দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
১১ জুন দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শহর তিকরিতের দখল নেয় জঙ্গিরা। তবে গতকাল তিকরিত শহরটি পুনঃদখলে নেওয়ার দাবি করেছে সরকার।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, তিকরিত শহর পুনঃদখলের অভিযানে সরকারি বাহিনীর হাতে ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানে মার্কিন সামরিক উপদেষ্টারা সহযোগিতা করেছেন।