পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান, পারমাণবিক চুল্লি প্রকল্পসহ মোট ৩০টি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের নয়াদিল্লি সফরের প্রথম দিন গতকাল মঙ্গলবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে শুধু জঙ্গি বিমান প্রকল্প বাস্তবায়নেই তিন হাজার কোটি ডলারের চুক্তি হয়েছে। এ ছাড়া ২০১৫ সালের মধ্যে উভয় দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য দুই হাজার কোটি ডলারে উন্নীত করতে রাজি হয়েছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হচ্ছে শত্রুর বিরুদ্ধে বহুমুখী আক্রমণে ব্যবহারযোগ্য বিশেষ অত্যাধুনিক বিমান।কর্মকর্তারা বলেন, গতকাল ভোরে মেদভেদেভ দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান। সকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, পরমাণু ও মহাকাশ গবেষণাসহ মোট ৩০টি চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলোর মধ্যে প্রতিরক্ষাবিষয়ক চুক্তিগুলো ছিল বেশি গুরুত্বপূর্ণ। অন্য চুক্তিগুলো হলো টেলিযোগাযোগ, সফটওয়্যার, ন্যানো প্রযুক্তি, জৈব প্রযুক্তি ও ওষুধ শিল্পবিষয়ক।চুক্তি স্বাক্ষরের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও জঙ্গি বিমান তৈরি প্রকল্পের বাইরে দুটি দেশ ২০১৫ সাল নাগাদ তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করতে সম্মত হয়েছে। এতে ওই সময়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দুই হাজার কোটি ডলারে উন্নীত হবে।বিশ্লেষকেরা বলছেন, ভারত তার বিমানবাহিনীতে ৩০০ যুদ্ধবিমান রাখার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে তারা রাশিয়ার সহায়তায় উন্নত বিমান তৈরির প্রকল্প হাতে নিয়েছে।এদিকে তামিলনাড়ুর কুদানকুলামে রাশিয়ার সহযোগিতায় দুটি পারমাণবিক বিদ্যুৎচুল্লি বসানোর কাজ চলছে। নতুন পরমাণু চুক্তি অনুযায়ী সেখানে আরও দুটি চুল্লি বসাবে তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, রাশিয়া সেখানে আটটি প্রকল্পের আওতায় মোট ১৬টি চুল্লি বসানোর ইচ্ছা প্রকাশ করেছে।চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, তামিলনাড়ুর কুদানকুলামে অতিরিক্ত পারমাণবিক চুল্লি স্থাপনের বিষয়ে ভারত ও রাশিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বহু আগে থেকেই ভারতের অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। অন্যান্য দেশের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক বজায় রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারত তার বিশেষ সুসম্পর্ক বজায় রাখবে। রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার বিষয়ে ভারতকে তাঁরা সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছেন। এএফপি, রয়টার্স, এনডিটিভি ও বিবিসি অনলাইন।