জঙ্গি মোকাবিলায় ওয়াজিরিস্তানে ৩০ হাজার সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে উপজাতীয় এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে গতকাল সোমবার নতুন করে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী৷ এ ঘটনার পর বিদেশি প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তান থেকে চলে যেতে বলেছে তালেবান জঙ্গিরা৷ খবর এএফপির৷
তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের উৎখাত করতে উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় ৩০ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান৷ করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিদের ন্যক্কারজনক হামলার এক সপ্তাহের মাথায় সরকারি বাহিনী রোববার থেকে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে৷ দুই দিনের অভিযানে করাচি বিমানবন্দরে হামলায় জড়িত সন্দেহভাজনসহ অন্তত ১০৫ জন নিহত হয়৷
স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সরকারি বাহিনী গতকাল উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের পশ্চিমে দুটি সরকারি বিদ্যালয়ে বোমা হামলা চালায়৷ এতে ১০ উজবেক জঙ্গি নিহত হয়৷
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, জঙ্গিদের সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে৷ নিরীহ লোকজনের ওপর হামলা ও তাঁদের সম্পদের ক্ষতিসাধন এই জাতি আর মেনে নেবে না৷
বিদেশি সব প্রতিষ্ঠানকে পাকিস্তান ছাড়তে হুমকি: বিদেশি সব প্রতিষ্ঠানকে দেশ ছাড়তে বলেছে পাকিস্তানের তালেবান জঙ্গিরা৷ জঙ্গিদের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানে অবস্থানরত বিদেশি বিনিয়োগকারী, বিমান সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে আমরা একটি বিষয় স্পষ্ট জানিয়ে দিতে চাই৷ তা হলো, আপনারা এই দেশের সঙ্গে আপনাদের যাবতীয় লেনদেন অবিলম্বে বাতিল করে এই দেশ ছেড়ে চলে যান৷ আর তা না করলে এর পরিণতির দায় আপনাদেরই বহন করতে হবে৷’