জঙ্গি সংগঠন আইএম নেতা ইয়াসিন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) প্রধান নেতা ও এর অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকালকে গ্রেপ্তার করা হয়েছে। বিহার রাজ্যে ভারত-নেপাল সীমান্ত থেকে আটকের পর তাঁকে রাজ্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ২০০৮ সালের পর থেকে ভারতে বেশ কয়েকটি বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিহার পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করে। বিহার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।ইয়াসিন ভাটকালের অন্য নামগুলো হচ্ছে আহমেদ সিদ্দিবাপা ও শাহরুখ। তাঁকে আটকের ফলে ইন্ডিয়ান মুজাহিদিন দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন ভারতে গোয়েন্দারা। লস্কর-ই-তাইয়েবার মদদপুষ্ট এই সংগঠনটির বিরুদ্ধে মুম্বাই, আহমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পুনে ও জয়পুরে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘বালটা হাউস অভিযানের পর ইয়াসিনকে আটকের ঘটনা আমাদের সবচেয়ে বড় সাফল্য। বালটা হাউস অভিযানের পর থেকেই ইন্ডিয়ান মুজাহিদিনের সাংগঠনিক কার্যক্রমে বেশ ভাটা পড়েছে।’ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ইয়াসিনকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। ইয়াসিনকে আটকের পর পর ওই এলাকা থেকে একই সংগঠনের নেতা আসাদুল্লাহ আকতারকে গ্রেপ্তার করা হয়। আসাদুল্লাহ আইএমের বোমাবিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।পরিবারের স্বস্তি: ইয়াসিনের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছে তাঁর পরিবার। এক বিবৃতিতে তাঁর চাচা জারার সিদ্দিবাপা বলেন, ‘আসল সত্য বেরিয়ে আসবে। আমরা ভয়ে ছিলাম যে কথিত এনকাউন্টারে তাঁকে হত্যা করা হবে।’ তিনি বলেন, ইয়াসিন কোনো অপরাধ করলে অবশ্যই তাঁর শাস্তি হতে হবে। কিন্তু আইনি প্রক্রিয়া মেনেই সেই শাস্তি নিশ্চিত করতে হবে। টাইমস অব ইন্ডিয়া।